২০১১ সালের পর ৭৩ শতাংশ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো মিত্র পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক সহায়তা ২০১১ সালের পর থেকে ৭৩ শতাংশ কমে গেছে। মার্কিন কংগ্রেসের জন্য তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনটি তৈরি করেছে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)।
প্রতিবেদনে ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সামরিক ও অর্থনৈতিক—দুই ধরনের সহযোগিতার পরিমাণই তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে ২০১৬ থেকে ২০১৭ অর্থবছরে ব্যয়ের হিসাবও এতে আছে। প্রতিবেদনে দেখা যায়, ২০১১ সালের পর থেকে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা কমেছে ৫৩ শতাংশ।
২০১১ সালের পর থেকে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের অবনতি শুরু হয়। পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন হামলা চালিয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করা এবং দেশটির সীমান্তচৌকি সালালাতে মার্কিন বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনা দুটি সম্পর্কের অবনতিতে বড় ভূমিকা রাখে।
এ মাসের শুরুতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পাকিস্তানকে ৩০ কোটি ডলারের সামরিক সহযোগিতা না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ এনে এ বরাদ্দ বাতিল করে যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তান তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে। দেশটিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার পরিমাণ ২০১১ সালে ছিল ১৩০ কোটি ডলার। ২০১৫ সালে তা নেমে দাঁড়ায় ৩৪ কোটি ডলার। এর পাশাপাশি এ সময়ে আর্থিক সহায়তা ১২০ কোটি ডলার থেকে নেমে দাঁড়ায় ৫৬ কোটি ডলারে।