২৪ ঘণ্টার মাথায় ইমরানের পরিকল্পনা বদল
পাকিস্তান অচল করে দেওয়ার বিষয়ে নিজের ‘তৃতীয় পরিকল্পনায়’ (‘প্ল্যান-সি’) পরিবর্তন এনেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। ওই পরিকল্পনা ঘোষণা করার ২৪ ঘণ্টার কম সময়ের মাথায় তাঁর এ ঘোষণা এল। খবর ডনের।
পিটিআই চেয়ারম্যান ইমরান খান গত রোববার তাঁর চলমান ‘চূড়ান্ত দফা’ সরকারবিরোধী আন্দোলনের ‘প্ল্যান সি’ প্রকাশ করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, পিটিআই ৪ ডিসেম্বর লাহোর, ৮ ডিসেম্বর ফয়সালাবাদ ও ১২ ডিসেম্বর করাচি ‘অচল’ করে দেবে। আর ১৬ ডিসেম্বরের মধ্যে গোটা পাকিস্তানই অচল করে দেওয়া হবে। ‘প্ল্যান সি’ প্রত্যাশা অনুযায়ী কাজ না করলে ‘প্ল্যান ডি’ প্রস্তুত রয়েছে বলেও জানিয়ে দেন ইমরান।
তবে পিটিআই নেতারা গত সোমবার ইসলামাবাদে ইমরান খানের বাসায় বৈঠক করে পরিকল্পনা বদল করেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ ডিসেম্বর লাহোর এবং ১৮ ডিসেম্বর সারা দেশ অচল করে দেওয়ার চেষ্টা করবে দলটি। অন্য পরিকল্পনাগুলো অপরিবর্তিত রয়েছে। লাহোরে ৪ ও ৫ ডিসেম্বর জামাত-উদ-দাওয়া নামের একটি সংগঠনের কর্মসূচি থাকায় সেখানে পিটিআইয়ের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হওয়ায় দেশ অচল করার কর্মসূচি পিছিয়ে ১৮ ডিসেম্বর করা হয়েছে বলে কানাঘুষা চলছে। তবে এমন ধারণা উড়িয়ে দেন পিটিআইয়ের নেতা আরিফ আলভি। তিনি বলেন, ‘আমরা লাহোরে যাচ্ছি ১৫ ডিসেম্বর। সে কারণেই দেশব্যাপী কর্মসূচির দিন পিছিয়ে ১৮ ডিসেম্বর করা হয়েছে। পাশাপাশি পিটিআই আলোচনার যে প্রস্তাব দিয়েছে, তা গ্রহণ করতে সরকারও একটা সুযোগ পাবে।’