৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংলাপ প্রক্রিয়া চলছে। এতে যেসব বিষয় উঠে এসেছে, তা একটি খসড়া প্রস্তাবের (রূপরেখা) মাধ্যমে সমাধানে পৌঁছে দিতে পারে। খবর জি নিউজ ও ডনের।
রাজধানী ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকায় গতকালও ইমরান ও কাদরির সমর্থক হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান করছিলেন। তবে গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেন, পিটিআই ও পিএটি এক ঘণ্টার মধ্যে কনস্টিটিউশন অ্যাভিনিউ খালি করে ডি–চকে চলে যেতে তৈরি আছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চলমান সংকট কাটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া দলগুলোর ভূমিকার প্রশংসা করেছেন। সরকার ও বিরোধী পক্ষের মধ্যে আলোচনার পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে জামায়াতে ইসলামিসহ কয়েকটি দল। গতকাল ইসলামাবাদে নওয়াজের সঙ্গে দেখা করেছেন জামায়াতে ইসলামির প্রধান সিরাজুল হক।
গতকাল পার্লামেন্টের যৌথ অধিবেশনে পিএমএল-কিউ নেতা সিনেটর মুশাহিদ হুসাইন বলেছেন, সেনাবাহিনীপ্রধান জেনারেল রাহিল শরিফের রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই। সংকট সমাধানে পার্লামেন্টকেই ভূমিকা রাখা উচিত। পিটিআইয়ের পার্লামেন্ট সদস্যদের পদত্যাগপত্র গ্রহণ না করার জন্যও তিনি স্পিকারের কাছে অনুরোধ করেন।
সিনেটর মুশাহিদ হুসাইন আরও বলেন, সরকার ও সেনাবাহিনী উভয়েরই একে অন্যকে সহযোগিতা করা প্রয়োজন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং জেনারেল রাহিল শরিফ একসঙ্গে কাজ করবেন।’
এদিকে ইমরানের দল পিএটি গতকাল এক আবেদনে দেশটির সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়ে বলেছে, রাজনৈতিক বিষয়ে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। এর আগে গত বুধবার সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলের নেতাদের কাছে দেশটির চলমান রাজনৈতিক সংকটের সমাধানে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেন।
পিএটির পক্ষে আইনজীবী আলী জাফর গতকাল দলের বক্তব্য আদালতে উপস্থাপন করেন। এতে বলা হয়েছে, আন্দোলনকারীদের দাবি যাতে সরকার পূরণ করে, আদালত এমন আদেশ দিতে পারেন। এ ছাড়া নির্বাচন বিষয়ে বিচার বিভাগীয় হস্তক্ষেপ সংবিধান লঙ্ঘন করবে।