৮ দিনের সামরিক ব্যয়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা: মালালা
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই আট দিনের সামরিক ব্যয় কমিয়ে তা শিক্ষা খাতে ব্যয় করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের এই কর্মী বলেছে, বিশ্বে সামরিক খাতে প্রতি আট দিনে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তা দিয়ে বিশ্বের সব শিশুকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করা সম্ভব। খবর এএফপির।
নরওয়ের অসলোতে গতকাল মঙ্গলবার জাতিসংঘের শিক্ষা সম্মেলনে এ আহ্বান জানায় মালালা। মালালা ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী শিশু শিক্ষার ব্যবস্থা করতে গেলে প্রতিবছর ৩ হাজার ৯০০ কোটি ডলারের প্রয়োজন। সম্মেলনে মালালা বলে, ‘এই অর্থকে অনেক মনে হতে পারে। তবে নির্মম বাস্তবতা হচ্ছে, এই পরিমাণ অর্থ মাত্র আট দিনের সামরিক ব্যয়ের সমান।’
মালালা বলে, ‘আমার কথা হলো এ লক্ষ্য যদি নির্ধারণ করা যায়, তবে মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করা যাবে।’