৮ ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে পাকিস্তান। কাশ্মীর নিয়ে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে এমন অভিযোগ উঠল। তবে ভারত এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ খবর জানায়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, পাকিস্তানে ভারতীয় দূতাবাসে কাজ করেন এমন ছয়জন কূটনীতিক ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর জন্য কাজ করেন। আরও দুজন ভারতের ইনটেলিজেন্স ব্যুরোর হয়ে কাজ করেন। তাঁদের নাম পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, এসব কূটনীতিক পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তানের স্বাধীনতার দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদের উসকে দিচ্ছেন। ৪ হাজার ৬০০ কোটি ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প নস্যাতের নীলনকশায় জড়িত তাঁরা। এ ছাড়া তাঁরা প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নষ্ট করার বিষয়েও সক্রিয়।

এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে ভারত বলেছে, এটি পুরোপুরি ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ।

তবে তাৎক্ষণিকভাবে এটা স্পষ্ট হয়নি যে পাকিস্তান এই কূটনীতিকদের বহিষ্কার করবে, নাকি ভারত নিরাপত্তার স্বার্থে কূটনীতিকদের সরিয়ে নেবে।

গত সপ্তাহে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারত ও পাকিস্তান পরস্পরের একজন করে কূটনীতিককে বহিষ্কার করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ভারতে পাকিস্তানের ছয় কূটনীতিক গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত—এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলে পাকিস্তান তাদের প্রত্যাহার করে নেয়।