
বেলুচিস্তান। পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক প্রদেশ এটি। এখানে ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টায় অগ্রণী শক্তি আইনজীবীরা। অথচ তাঁদের লক্ষ্য করেই এ সপ্তাহে চালানো হলো বোমা হামলা। তাই স্বাভাবিকভাবে দেশটির আইনজীবীদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ, হতাশা ও শূন্যতা। অনেকের মতে, এটা কখনো পূরণ হওয়ার নয়।
খনিজসম্পদ সমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তানে বিদ্রোহ চলছে অনেক দিন ধরে। নিয়মিতভাবে বিভিন্ন লক্ষ্যস্থলে হামলা চালাচ্ছে বিদ্রোহীরা। প্রদেশটির শাসনভার যে রাজনৈতিক নেতাদের ওপর তাঁরা ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত বলে মনে করা হয়।
বিক্ষুব্ধ প্রদেশটিতে পাকিস্তানের প্রতিবেশী চীনের বিনিয়োগ বাড়ছে। ফলে পাকিস্তানের সেনাবাহিনীও নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রচেষ্টায় সেখানে তাদের উপস্থিতি বাড়াচ্ছে। বিদ্রোহীদের দমনে কয়েক দশক ধরে চালিয়ে যাওয়া লড়াইয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে রয়েছে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, স্থানীয় সাংবাদিকদের জন্য পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক প্রদেশ বেলুচিস্তান। প্রদেশটিতে বিদেশি গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা আছে। বিদ্রোহ, হামলা, রাজনীতিকদের দুর্নীতিসহ এখানকার নানা সমস্যায় একমাত্র সোচ্চার কণ্ঠস্বর আইনজীবীরা। সার্বিকভাবে দেশটির আইনজীবীরা আগে থেকেই আছেন বন্দুকের নলের মুখে। কিন্তু গত সোমবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি হাসপাতালে মূলত আইনজীবীদের নিশানা করে যে হামলা চালানো হয়েছে, তা ছিল নজিরবিহীন। হামলায় নিহত হয়েছেন ৭২ জন। আহত হয়েছেন শতাধিক। হতাহত ব্যক্তিদের অনেকে আইনজীবী ও সংবাদকর্মী।
সোমবারই একটি পৃথক ঘটনায় নিহত বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আনোয়ার কাসিরের মরদেহ নিয়ে হাসপাতালটিতে জড়ো হয়েছিলেন ২২০ জনের বেশি আইনজীবী ও সাংবাদিক। তখনই ওই বিস্ফোরণ ঘটে। হামলার পর ভিডিও ফুটেজে ছিন্নবিচ্ছিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। ছড়িয়ে-ছিটিয়ে ছিল রক্ত। চিৎকার করছিলেন আহত ব্যক্তিরা। কেউ কেউ পরস্পরকে সান্ত্বনা দিচ্ছিলেন বুকে জড়িয়ে। বাড়ি থেকে বের হওয়ার পর আদালত প্রাঙ্গণে পৌঁছার আগে আইনজীবী আনোয়ার কাসির গুলিতে নিহত হন। তাঁর লাশ দেখতেই হাসপাতালে জড়ো হয়েছিলেন আইনজীবী ও সাংবাদিকেরা।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান এবং ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) উভয়ে।
হামলার প্রতিক্রিয়ায় বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আতাউল্লাহ লানগভ এএফপিকে বলেন, ‘আমরা পুরো নেতৃত্বকে হারালাম। এ ক্ষতি এমন এক শূন্যতা সৃষ্টি করল, যা কখনো পূরণ হওয়ার মতো নয়।’
হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজন ছিলেন বেলুচিস্তানের নাগরিক সমাজের দাবিদাওয়া আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী। তাঁদের একজন আইনজীবী সানঘাত জামালদিনি। পাকিস্তানের মানবাধিকার কমিশনের এই সদস্য বেলুচিস্তানের নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও তাঁদের পরিবারের সদস্যদের দুর্দশা তুলে ধরার ক্ষেত্রে ছিলেন সোচ্চার। পাকিস্তানের নারীদের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম কর্মীও তিনি।
নিহত আইনজীবীদের আরেকজন আদনান কাসি। লন্ডনফেরত এই তরুণ আইনজীবী কোয়েটার আইন কলেজের কনিষ্ঠতম অধ্যক্ষ ছিলেন। স্বজনপ্রীতি, দুর্বৃত্তায়নবিরোধী লড়াইসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ শুরু করেছিলেন তিনি। আগামী ১৩ আগস্ট বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাঁর।
নিহত ব্যক্তিদের মধ্যে আছেন পাকিস্তানের দুর্নীতিবিরোধী আন্দোলনের অন্যতম কর্মী ও আইনজীবী বাজ মোহাম্মদ কাকার। আছেন স্বৈরশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের জনপ্রিয় মুখ প্রবীণ আইনজীবী আবদুল রশিদ খোকার। আছেন এ রকম আরও অনেকে।