'অস্থিতিশীলতার' জন্য ভারতকে অভিযুক্ত করলেন রাহিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহিল শরিফ
রাহিল শরিফ

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ ভারতের নাম উল্লেখ না করে পাকিস্তানে ‘অস্থিতিশীলতা তৈরির’ জন্য চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশটিকে অভিযুক্ত করেছেন। তিনি অস্ত্রবিরতির চুক্তি লঙ্ঘন এবং পাকিস্তানে জঙ্গিবাদকে সহায়তা করার অভিযোগ তোলেন। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার।
করাচিতে পাকিস্তান নেভাল একাডেমির বিদায়ী কুচকাওয়াজে গতকাল শনিবার বক্তব্য দেন জেনারেল রাহিল শরিফ। এ সময় তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সুরক্ষার প্রয়োজনে ও স্বার্থে যেকোনো মূল্য দিতে আমরা প্রস্তুত।’
ভারতের নাম উল্লেখ না করে রাহিল শরিফ বলেন, ‘আমাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন। শান্তিচুক্তি লঙ্ঘন, বেলুচিস্তানে রক্তপ্রবাহ, কেন্দ্রশাসিত উপজাতি-অধ্যুষিত অঞ্চল এবং করাচি শত্রুদের আগ্রাসী তৎপরতার চিহ্ন বহন করে চলেছে।’
সেনাপ্রধান শরিফ আরও বলেন, ‘পাকিস্তান শান্তির জন্য অন্য দেশের সঙ্গে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। তবে আমাদের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় গৌরব বিকিয়ে দিয়ে নয়।’