
শান্তিতে নোবেলজয়ী ও নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই নতুন টুইটার অ্যাকাউন্ট খুলেছেন। এর ২৪ ঘণ্টার মধ্যে তাঁর অনুসারী হয়েছে সাড়ে তিন লাখ।
টুইটার অ্যাকাউন্ট খুলে তিনি লেখেন, ‘আজ স্কুলে আমার শেষ দিন, আর টুইটারে প্রথম।...হাইস্কুল পাস আমার জন্য তিক্ত-মধুর এক অভিজ্ঞতা।...আমি জানি, বিশ্বজুড়ে লাখ লাখ মেয়ে স্কুলে যেতে পারে না এবং শিক্ষা সম্পন্ন করার সুযোগও হয়তো তারা কখনো পায় না।’ মালালা ভবিষ্যতে নারীদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ।
নারী শিক্ষায় সচেতনতা তৈরির কাজে নিবেদিতপ্রাণ পাকিস্তানি মেয়ে মালালা ২০১৪ সালে শান্তিতে নোবেল পান। মালালা এ মাসে ২০ বছরে পা দেবেন। ২০১২ সালে তালেবানের গুলিতে মারাত্মক আহত হওয়ার পর যুক্তরাজ্যের বার্মিংহামের এক স্কুলে লেখাপড়া করছিলেন তিনি। স্কুলে তিনি অন্যদের চেয়ে ভালো ফল করেন। আগামী মাসে তাঁর এ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান তিনি। মালালা জানিয়েছেন, তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে পড়বেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোসহ অনেক বিশ্ব নেতাও ছিলেন এ বিষয়ের শিক্ষার্থী।
১৯ বছর বয়সী মালালা বর্তমানে বিশ্বের সব মেয়েশিশুর স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে মনোযোগ আকর্ষণে গুরুত্ব দিচ্ছেন। টুইটার বার্তায় তিনি বলেন, ‘প্রতিটি মেয়ের জীবনের গল্প আলাদা। নারীদের সোচ্চার হতে হবে, আর এটাই হতে পারে সর্বজনীন শিক্ষা ও সমতা প্রতিষ্ঠার যুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র।’