'আমার বিবেক পরিষ্কার'

সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষিত হওয়ার পর গতকাল শুক্রবার পদত্যাগ করেন নওয়াজ শরিফ। পদত্যাগের পর এই প্রথম মুখ খুললেন তিনি। আজ শনিবার সংসদীয় কমিটির এক সভায় তাঁকে অযোগ্য ঘোষণা করার কারণ নিয়ে তাঁর ভিন্নমত প্রকাশ করেন তিনি। নওয়াজ বলেছেন, ‘আমার বিবেক পরিষ্কার।’
আজ পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘ডন’-এর প্রকাশিত খবরে জানানো হয়েছে, শনিবার পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) দলের নেতাদের উদ্দেশে বক্তব্য দেন নওয়াজ শরিফ। তিনি বলেন, ‘আমাকে অযোগ্য ঘোষণা করার কারণ কী, তা এখনো আমি বুঝতে পারিনি। আমি শুধু এতটুকু বুঝেছি যে দুর্নীতির অভিযোগে আমাকে অযোগ্য ঘোষণা করা হয়নি। যখন আমি কোনো বেতনই নিইনি, তখন আর ঘোষণা করার কী আছে?’
পাকিস্তানের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ সংবিধানের ৬২ অনুচ্ছেদ মোতাবেক নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। পরে দেশটির অ্যাটর্নি জেনারেল আসতার আউসাফ বলেন, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। তিনি ভবিষ্যতে কোনো নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
সুপ্রিম কোর্ট যৌথ তদন্ত দলের (জেআইটি) যে প্রতিবেদন আমলে নিয়েছেন, তাতে বলা হয়েছে, ২০১৩ সালের সাধারণ নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি দুবাইভিত্তিক কোম্পানি থেকে বেতন নেওয়ার কথা গোপন করেছিলেন নওয়াজ। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালের ৭ আগস্ট থেকে ২০১৪ সালের ২০ এপ্রিলের মধ্যে নওয়াজের এই আয় হয়। এর পরিমাণ ১০ হাজার দিরহাম।
এর ব্যাখ্যায় নওয়াজ আজ বলেছেন, ‘আমি তখন নির্বাসনে ছিলাম। ভিসা পাওয়া তখন খুব কঠিন ছিল। সৌদি আরব যাওয়ার জন্য আমি যখন লন্ডন গিয়েছিলাম, তখন সেখানে টানা ছয় মাসের বেশি থাকতে পারিনি। আমাকে আরেক দেশে যেতে হতো এবং আবার লন্ডন আসতে হতো। তাই প্রতি ছয় মাস অন্তর আমি দুবাইয়ের ভিসা নিতে হতো। যে সময় থেকে লন্ডন আমাদের দলের কার্যক্রমের কেন্দ্র ছিল, সেই সময় থেকেই এই কাজ করতে হয়েছে।’
নওয়াজ বলেন, ‘তাই আমরা ভেবেছিলাম ভিসা পাওয়ার জন্য কোম্পানি খোলা একটি বৈধ উপায়। তাই আমার ছেলে একটি কোম্পানি খোলে। সে আমাকে চেয়ারম্যান বানাল। বেতনের পরিমাণও ঠিক করা হয়েছিল। কারণ নিয়ম ছিল যে বেতনভুক্ত কর্মী হতেই হবে। তাঁরা আমাকে অযোগ্য ঘোষণা করল কোনো বেতন না নেওয়ার কারণে।’
নওয়াজ দাবি করেন, ওই কোম্পানি থেকে তিনি বিপুল অর্থ আয় করেননি। তিনি বলেন, ‘এটি আমার ছেলের কোম্পানি, সরকারের না। আপনি যখন কিছু নেবেন, সেটায় সমস্যা হয়। আবার যখন কিছু নেবেন না, সেটাতেও সমস্যা।’
নওয়াজ প্রশ্ন করেন, ‘শুধু কি আমার পরিবারকেই দোষী করা হচ্ছে? এ দেশের বাকি সবাই কি সৎ ও ন্যায়ের প্রতীক?’
এরপরই সমালোচকদের একহাত নেন নওয়াজ। তিনি বলেন, ‘অনেকেই আমাকে আগে পদত্যাগ করতে বলেছিল। কিন্তু আমি তাদের বলেছি, আমি যে পদে বসে আছি, সেটি কুসুমাস্তীর্ণ নয়। আমার বিবেক পরিষ্কার। আমার বিবেক বলেছে পদত্যাগ না করতে, কারণ আমি কোনো দোষ করিনি।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন নওয়াজ। দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সামনের কাজ খুব পরিষ্কার। এখানে অবশ্যই সংবিধানের সর্বোচ্চ মর্যাদা ও আইনের শাসন বজায় রাখতে হবে। অতীতে এ দেশে অনেক আফসোসের ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের ভবিষ্যৎ হতে হবে আফসোসহীন। আমাদের একসঙ্গে বসে ঠিক করতে হবে যে কীভাবে দেশ আরও ভালোভাবে চালানো যায়।’
সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিজেকে নিয়ে চিন্তা করি না। আমি শুধু এই দেশ ও তার মানুষদের কথা ভাবি।’ এ সময় পাকিস্তানে পরিবর্তনের সূচনা করার আহ্বান জানান তিনি।