'এমকিউএমের প্রধান কার্যালয় বন্ধ করে দেওয়া অবৈধ'
পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) দলের নেতা ফারুক সাত্তার করাচিতে সংগঠনটির প্রধান কার্যালয় বন্ধ করে দেওয়াকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সংগঠনটির যুক্তরাজ্যপ্রবাসী নেতা আলতাফ হোসেনের সঙ্গে তাঁরা সম্পর্ক ছিন্ন করছেন।
এমকিউএমের লন্ডন কার্যালয়ের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন তিনজন ঘাতক গ্রেপ্তার এবং কর্মীরা গণমাধ্যম কার্যালয়ে হামলা চালানোর পর সরকার দলটির ওপর কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে। দলটির নেতা লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে থাকা আলতাফ হোসেন পাকিস্তানের তীব্র নিন্দা করে বক্তব্য দেওয়ার পর দেশে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া হয়। গত কয়েক দিনে এমকিউএমের বহু স্থানীয় কার্যালয় বন্ধ বা গুঁড়িয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সরকারি এসব তৎপরতার বিষয়ে গতকাল ফারুক সাত্তার বলেন, ‘আমরা যখন বলছি লন্ডনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এর অর্থ হলো আলতাফ হোসেনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’ সাত্তার বলেন, ‘গণমাধ্যম ব্যবহার করে আমাদের ওপর চাপ সৃষ্টি করবেন না। আপনারা কোনো রাজনৈতিক দলের প্রধান কার্যালয় বন্ধ করে দিতে পারেন না।’