'ক্ষমা' পাচ্ছেন না মডেল কানদিলের ভাই

পাকিস্তানের মডেল কানদিলের হত্যাকারী তাঁর ভাইকে ‘ক্ষমা’ না করতে পরিবারটিকে নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার। পাকিস্তানে ‘পারিবারিক সম্মান রক্ষায় হত্যা’র (অনার কিলিং) নামে যেসব হত্যাকাণ্ড ঘটে, সেগুলোর বিচার প্রায় হয় না বললেই চলে। সেখানে এ ঘটনায় সরকারের এমন পদক্ষেপ বিরল।
পাকিস্তানের আলোচিত মডেল ও ‘ফেসবুক তারকা’ কানদিল বালুচের ভাই মুহাম্মদ ওয়াসিম গত শুক্রবার পাঞ্জাবের মুলতানে কানদিলকে হত্যা করে পালিয়ে যান। পরের দিন পার্শ্ববর্তী মোজ্জাফরগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অনলাইনে ‘আপত্তিকর’ ভিডিও, ছবি ও বক্তব্য পোস্ট করায় বোনের ওপর ক্ষুব্ধ ছিলেন ওয়াসিম। তিনি বোনকে হত্যায় কোনো অনুতাপ নেই বলেও সাংবাদিকদের জানান।
পুলিশের একটি সূত্র জানায়, ওয়াসিমের পরিবারের পক্ষ থেকে ক্ষমার বিষয়টিকে অসম্ভব করে তুলেছে পাঞ্জাব সরকার। পাঞ্জাবের পুলিশ কর্মকর্তা জানান, সরকারের নির্দেশে এটি করা হয়েছে। কিন্তু এমনটা কদাচিৎ হয়।
ইসলামাবাদ থেকে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, পাঞ্জাব সরকারের পক্ষ থেকে এ নির্দেশ এসেছে।

প্রতিবছর পাকিস্তানে অনার কিলিংয়ের নামে ৫০০ বেশি নারী হত্যার শিকার হন। পাঞ্জাব সরকারের এ সিদ্ধান্ত কোনো অর্থবহ সংস্কার আনবে কি না, তাৎক্ষণিকভাবে তা বোঝা যাচ্ছে না।
অনার কিলিংয়ের বিষয়ে পরিবারের পক্ষ থেকে ‘ক্ষমা’র নামে অপরাধীর পার পেয়ে যাওয়ার যে ফাঁকফোকর রয়েছে, তা বন্ধ করতে অনার কিলিং–বিরোধী বিলটি পার্লামেন্টে আটকে আছে। অথচ গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রতিশ্রুতি দিয়েছিলেন এ আইনটি দ্রুত পাস করতে ব্যবস্থা নেবেন। কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে এ বিষয়ে কোনো অগ্রগতি নেই।
প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম বলেন, কানদিলের হত্যার বিষয়ে তাঁর বাবা (নওয়াজ শরিফ) বলেছেন, সম্মান রক্ষার নামে হত্যার মধ্যে কোনো সম্মান নেই।
২০১৪ সালে ‘আমাকে কেমন লাগছে’ শিরোনামে কানদিল বালুচের একটি ভিডিও ব্যাপক প্রচার পেলে অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। উদার মনোভাব ও সোজাসাপ্টা কথা বলার কারণে তরুণসহ অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কানদিল। পাশাপাশি খোলামেলা, উত্তেজক ছবি পোস্ট করায় রক্ষণশীল পাকিস্তানি সমাজে তাঁর সমালোচকও কম ছিল না।