'জনগণ নওয়াজ-মরিয়মের আত্মত্যাগের প্রতিদান দেবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটকেন্দ্রের বাইরে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান শাহবাজ শরিফ (সবুজ জামা গায়ে)। লাহোর, পাকিস্তান, ২৫ জুলাই। ছবি: এএফপি
ভোটকেন্দ্রের বাইরে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান শাহবাজ শরিফ (সবুজ জামা গায়ে)। লাহোর, পাকিস্তান, ২৫ জুলাই। ছবি: এএফপি

পাকিস্তানে ১১তম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রথম প্রহরেই ভোট দিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান শাহবাজ শরিফ। লাহোরে মডেল টাউনের একটি কেন্দ্রে তিনি তাঁর ভোট প্রয়োগ করেন।

নির্বাচনী আইন মেনে শাহবাজ শরিফ লাইনে দাঁড়িয়েছেন। একের পর এক করে তাঁর পালাও আসে। কেন্দ্রের বাইরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, ‘ভোটারদের বেশির ভাগই’ পিএমএল-এনকে ভোট দিতে উদ্‌গ্রীব হয়ে আছে। ‘মিয়া সাহেব (নওয়াজ শরিফ) ও তাঁর মেয়ের (মরিয়ম নওয়াজ) আত্মত্যাগের প্রতিদান দেবে তারা।’

শরিফ ন্যাশনাল ও পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচন দুটোতেই ভোট দিয়েছেন। তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির চারটি আসনে ও পাঞ্জাবের প্রাদেশিক নির্বাচনের দুটি আসনে লড়ছেন।

নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শেষের দিকে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। একপর্যায়ে দুর্নীতির মামলায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন, প্রধানমন্ত্রিত্ব হারান তিনি। শুধু তা-ই নয়, তিনি রাজনীতিতে আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে দলীয় প্রধানের পদও হারান। তিনি সরে দাঁড়ান, তবে সরকার ভেঙে পড়তে দেননি।

নওয়াজ শরিফ ও তাঁর মেয়ের মরিয়ম নওয়াজ। ফাইল ছবি
নওয়াজ শরিফ ও তাঁর মেয়ের মরিয়ম নওয়াজ। ফাইল ছবি

নওয়াজ এই পরিস্থিতির জন্য ক্রমাগত সেনাবাহিনীকে দোষারোপ করেছেন। একই মামলায় মেয়ে মরিয়ম নওয়াজের সাত বছরের কারাদণ্ড হয়। মরিয়মের স্বামী মো. সফদারকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। তিনজনই এখন কারাবন্দী। রাজনীতিতে নিষিদ্ধ হওয়ায় নওয়াজ নির্বাচনে প্রার্থী হতে পারেননি। আর প্রার্থী হয়েও দণ্ড পাওয়ায় শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়তে পারেননি মরিয়ম-সফদার দম্পতি।

ভাইকে রাজনীতিতে নিষিদ্ধ করলে শাহবাজ দলের সভাপতির দায়িত্ব পান। ১০ বছরের বেশি সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।