'জরুরি অবস্থা জারি করে ভুল করেছেন মোশাররফ'
জেনারেল পারভেজ মোশাররফ ২০০৭ সালের ৩ নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিকভাবেই দেশে জরুরি অবস্থা জারি করতে পারতেন। কিন্তু সেই কাজটি সেনাপ্রধান হিসেবে করে তিনি ভুল করেছেন। এতে সংবিধান লঙ্ঘিত হয়েছে। পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার তদন্তের জন্য গঠিত কমিটির প্রধান গত মঙ্গলবার এ কথা বলেছেন। খবর ডনের।
পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফআইএ) অতিরিক্ত মহাপরিচালক খালিদ কোরেশি বলেন, পারভেজ মোশাররফ পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শওকত আজিজের পরামর্শ নিয়ে জরুরি অবস্থা জারি করতে পারতেন। মোশাররফের আইনজীবী ফারোগ নাসিমের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ফারোগ নাসিম জানতে চান, ওই সময় জেনারেল মোশাররফ জরুরি অবস্থা জারি করার ক্ষমতাপ্রাপ্ত ছিলেন কি না। কারণ, তিনি তখন সেনাপ্রধান ও প্রেসিডেন্ট দুটো পদেরই দায়িত্বে ছিলেন।
খালিদ কোরেশি বলেন, প্রধানমন্ত্রী শওকত আজিজ জেনারেল মোশাররফকে জরুরি অবস্থা জারি করতে বলেননি। কিন্তু মোশাররফ তা করেছিলেন সেনাপ্রধানের ক্ষমতাবলে, প্রেসিডেন্ট হিসেবে নয়। কোরেশি এ সময় অ্যাটর্নি জেনারেল মালিক কাইয়ুমসহ প্রধান কয়েকজন সাক্ষীকে উদ্ধৃত করেন। তিনি বলেন, এই সাক্ষীদের সবাই বলেছেন, জরুরি অবস্থা জারিসংক্রান্ত কোনো পরামর্শ প্রধানমন্ত্রী জেনারেল মোশাররফকে দেননি।