'জাতীয়তা' হারাল এক লাখ পাকিস্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে প্রায় এক লাখ মানুষ তাঁদের ‘জাতীয়তা’ হারিয়েছেন। দেশটির জাতীয় ডেটাবেইস ও নিবন্ধন কর্তৃপক্ষ (এনএডিআরএ) ওই এক লাখ মানুষকে ‘সন্দেহভাজন বিদেশি’ গণ্য করে তাঁদের জাতীয় পরিচয়পত্র স্থগিত করে দিয়েছে অথবা সেগুলো নবায়নের আবেদন প্রত্যাখ্যান করেছে। খবর ডনের।
এনএডিআরএর মুখপাত্র ফায়েক আলি চাচার বলেন, ‘সন্দেহজনক পরিচয়পত্রগুলো’ খুঁটিয়ে দেখা হচ্ছে এবং এ পর্যন্ত প্রায় এক লাখ পরিচয়পত্র স্থগিত করা হয়েছে। তাঁদের অধিকাংশই আফগান। এনএডিআরএর কম্পিউটারব্যবস্থা অব্যর্থ। এর মাধ্যমে সন্দেহজনক পরিচয়পত্রগুলো স্থগিত করা হচ্ছে।’
‘পাকিস্তানের বাইরের মানুষ’ হয়ে ওই লোকেরা কীভাবে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে সক্ষম হলেন, সে ব্যাপারে ফায়েক আলি ও এনএডিআরএর প্রধান উসমান মবিন—কেউই ব্যাখ্যা দিতে পারেননি।
তবে ‘পাকিস্তানি জাতীয়তা’ হারানো বেশ কয়েকজন ডন-এর কাছে অভিযোগ করেছেন, তাঁরা কয়েক প্রজন্ম ধরে পাকিস্তানে বসবাস করছেন। জাতীয়তার সমর্থনে তাঁদের কাছে জন্ম সনদসহ কাগজপত্রও রয়েছে। ‘জাতীয়তা হারানো’ ওই মানুষদের অধিকাংশই খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশের বাসিন্দা।