'জারদারি ও বিলাওয়ালের গুরুতর মতপার্থক্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ আলি জারদারি (ওপরে), বিলাওয়াল ভুট্টো-জারদারি
আসিফ আলি জারদারি (ওপরে), বিলাওয়াল ভুট্টো-জারদারি

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এবং তাঁর বাবা ও সাবেক প্রেসিডেন্ট দলের কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারির মধ্যে আবার মতপার্থক্যের অভিযোগ উঠেছে। দলটির অসন্তুষ্ট নেতা জুলফিকার মির্জা বলেছেন, সিন্ধুর প্রাদেশিক সরকারের সাফল্য-ব্যর্থতাই এ মতবিরোধের কারণ। খবর ডনের।
সাবেক প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জারদারির একসময়ের ঘনিষ্ঠ সহযোগী জুলফিকার মির্জা গত সোমবার সন্ধ্যায় গোলার্চি শহরে একদল সাংবাদিকের সঙ্গে আলাপকালে বলেন, ‘যেসব চাটুকার বাবা ও ছেলের (বিলাওয়াল ও জারদারি) মধ্যে ব্যবধানের কথা অস্বীকার করছেন, তাঁরা মিথ্যা বলছেন। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, ওই দুজনের মধ্যে বিস্তর মতপার্থক্য আছে।’
জুলফিকার মির্জা বলেন, সিন্ধু প্রদেশের সরকার এবং ‘অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত’ মন্ত্রীদের কাজকর্মে বিলাওয়াল ‘অত্যন্ত অসন্তুষ্ট’। এসব মন্ত্রী পিপিপির নিহত নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দেখানো পথ থেকে সরে এসেছেন। তাঁরা চাকরি দেওয়ার বিনিময়ে বড় অঙ্কের ঘুষ নিচ্ছেন, এমনকি দলের প্রতি বিশ্বস্ত কর্মীদের কাছ থেকেও। বিলাওয়াল তাঁর মায়ের মতোই দল চালাতে চেয়েছিলেন। কিন্তু কায়েমি স্বার্থের কাছে তিনি কোণঠাসা বোধ করছেন। সরলতাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
পিপিপির এ অসন্তুষ্ট নেতা আরও বলেন, দলের নেতৃত্ব যদি তাঁর মতামত গ্রাহ্য না করে, তিনি সিন্ধু প্রদেশের ‘বঞ্চিত জনগণের সেবা করার জন্য’ আগামী নির্বাচনের আগেই নিজের পথ বেছে নিতে পারেন। তিনি অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্ত ও সুবিধাবাদী লোকজন পিপিপিকে সম্পূর্ণ ছিনতাই করে ফেলেছে।
মির্জা আরও বলেন, বেনজির হত্যাকাণ্ডের জন্য কেবল একটি সন্ত্রাসী সংগঠনকে দায়ী করাটা যথেষ্ট নয়। তাঁর রক্তের ঋণ শোধ করার পরিবর্তে দলের অযোগ্য ও অদক্ষ লোকজন ক্ষুদ্র স্বার্থের সঙ্গে আপস করেছে।
তবে জুলফিকার মির্জার অভিযোগ নাকচ করে দিয়েছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পিপিপি। এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বিলাওয়ালের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা জামিল সুমরো গত মঙ্গলবার বলেছেন, পিপিপির দুই নেতার মধ্যে কোনো দূরত্ব নেই।