'জারব-ই-আজাব' কী ও কেন
তালেবানের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান অনেক আগে থেকেই চলছিল। তবে গত ৮ জুন করাচি শহরে অবস্থিত জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান নামের দুটি জঙ্গি সংগঠনের ভয়াবহ হামলার পর উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিবিরোধী যৌথ অভিযান শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। ১৯ জুন শুরু হওয়া ওই অভিযানের পোশাকি নাম ‘জারব-ই-আজাব’।
জঙ্গি-অধ্যুষিত উপজাতি এলাকায় চলা ওই অভিযানের জবাব দিতেই পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে গত মঙ্গলবার হামলা চালানো হয়েছে বলে ঘোষণা দিয়েছে জঙ্গিগোষ্ঠী টিটিপি।
‘জারব-ই-আজাব’-এর অর্থ হচ্ছে, ‘তীক্ষ্ণ ও প্রবল আঘাত’। টিটিপি জিন্নাহ বিমানবন্দরে হামলার দায় স্বীকার করার পর উত্তর ওয়াজিরিস্তানে তাদের বিরুদ্ধে ওই ‘চূড়ান্ত’ অভিযান শুরু করে পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের কেন্দ্রশাসিত উপজাতি-অধ্যুষিত এলাকাগুলোর (এফএটিএ) মধ্যে দুর্গম উত্তর ওয়াজিরিস্তান জঙ্গিদের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
কমবেশি ১৩টি জিহাদি গ্রুপের সমন্বয়ে ২০০৭ সালে গড়ে ওঠা টিটিপি শুরু থেকেই পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে তাদের ভাষায় ‘ধর্মযুদ্ধ’ চালিয়ে আসছিল। তাদের হামলায় এখন পর্যন্ত সেনাসহ হাজার হাজার পাকিস্তানির প্রাণ গেছে।
পাকিস্তানি সেনাবাহিনীর হিসাবে, ‘জারব-ই-আজাব’ অভিযানে এখন পর্যন্ত কমবেশি ২০০ টিটিপি সদস্য নিহত হয়েছে। এ ছাড়া ধরা পড়েছে বেশ কয়েকজন জঙ্গি। তাদের অনেক ঘাঁটি দখল ও অস্ত্র-গোলাবারুদ জব্দ করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণের পাশাপাশি জঙ্গিদের সঙ্গে সম্মুখযুদ্ধে লিপ্ত হন পাকিস্তানি সেনারা।
‘জারব-ই-আজাব’ অভিযানের সফলতা নিয়ে পাকিস্তান সেনাবাহিনী উচ্ছ্বসিত হলেও এ নিয়ে সমালোচনাও রয়েছে; বিশেষ করে বিমান হামলায় বেসামরিক লোকজন হতাহত হওয়ার ঘটনায় অনেকেই ক্ষুব্ধ। ওই এলাকার হাজার হাজার মানুষকে উদ্বাস্তু হয়ে আশপাশের এলাকাগুলোয় চলে যেতে হয়েছে।
সূত্র: দি এক্সপ্রেস ট্রিবিউন ও এনডিটিভি