
পানামা পেপারস কেলেঙ্কারির তদন্তে পাকিস্তানে গঠিত কমিটির তদন্তাধীন ব্যক্তিদের তালিকায় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম থাকছেই। এ কথা জানিয়েছেন তদন্তে গঠিত সংসদীয় কমিটির সদস্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আইতজাজ আহসান। তিনি ১২ সদস্যের তদন্ত কমিটিতে থাকা বিরোধীদলীয় নেতা।
পাকিস্তানের গণমাধ্যমে এর আগে খবর বের হয়, তদন্ত কমিটি তালিকা থেকে নওয়াজের নাম বাদ দিতে সম্মত হয়েছে। কিন্তু আইতজাজ আহসান গতকাল শুক্রবার বলেন, ‘ছেলে হোসেন নওয়াজের নামের সূত্র ধরে পানামা পেপারস কেলেঙ্কারির তদন্তে নওয়াজ শরিফের নাম থাকছেই।’
তদন্ত কমিটি যে কার্যতালিকা তৈরি করেছে, সেখানে অভিযুক্ত ব্যক্তির মা-বাবা, ভাইবোন, নাতি-নাতনিদের নামও রাখা হচ্ছে।
পানামাভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এক কোটির বেশি গোপন নথি সম্প্রতি ফাঁস করে অনুসন্ধানী সাংবাদিকদের যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)। এতে বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতাধর ব্যক্তি ও তাঁদের আত্মীয়স্বজনের নাম পাওয়া যায়। সম্পদ গোপন করতে বিশ্বের বিভিন্ন কর রেয়াতকারী অঞ্চলে তাঁরা অনেকেই নামসর্বস্ব ব্যবসাপ্রতিষ্ঠান খোলেন। এ তালিকায় নওয়াজ শরিফের দুই ছেলে হাসান ও হোসেন নওয়াজ এবং মেয়ে মরিয়াম সাফদারের নামও উঠে আসে। তাঁরা কর রেয়াতকারী অঞ্চল হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অফশোর কোম্পানি গড়ে তোলেন।
পাকিস্তানের নির্বাচন কমিশন গত মাসে জানায়, কমিশনে নওয়াজের দেওয়া হিসাব অনুযায়ী ছেলে হোসেন নওয়াজের কাছ থেকে প্রধানমন্ত্রী বিপুল অঙ্কের অর্থ পেয়েছেন।