পানামা পেপারস কেলেঙ্কারির সঙ্গে পাকিস্তানের যেসব ব্যক্তির নাম এসেছে তাঁদের নিয়ে বিচার বিভাগীয় কমিশন গঠন করার সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালি। বিদ্যমান আইনে কমিশন গঠিত হলে তা হবে ‘দন্তহীন’—এ কথা বলে কমিশন গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।
পানামা পেপারস কেলেঙ্কারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের তিন ছেলেমেয়েসহ বেশ কয়েক শ পাকিস্তানির নাম উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে গত মাসে সরকার পাকিস্তানের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে প্রধান বিচারপতিকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের অনুরোধ করে। পানামা কেলেঙ্কারিতে যেসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এসেছে, সেগুলোর সত্যতা যাচাই করতেই এ কমিশন গঠনের প্রস্তাব আসে। কিন্তু এই অনুরোধের পরিপ্রেক্ষিতে দেওয়া চিঠিতে প্রধান বিচারপতি বলেন, পাকিস্তান অব ইনকোয়ারি অ্যাক্টের অধীনে যে কমিটি হবে তার কাজের পরিধি হবে সীমিত। এর ফলে এটি একটি দন্তহীন কমিটি ছাড়া অন্য কিছু হবে না।