প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আসন্ন সাক্ষাতে কাশ্মীর বিষয়টি তোলার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত শুক্রবার বিকেলে টেলিফোনে ওবামার সঙ্গে কথা বলার সময় এ অনুরোধ জানান তিনি। খবর এএফপি ও পিটিআইয়ের।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতার কথোপকথনের সময় পাকিস্তান-মার্কিন সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন নওয়াজ শরিফ। ওবামাও বলেন, দুই দেশের সম্পর্ক বেশ দৃঢ়। ওবামা আসন্ন ভারত সফরের কথা শরিফকে জানিয়ে বলেন, তিনি শিগগিরই পাকিস্তান সফরেও যাবেন। তখন নওয়াজ মার্কিন প্রেসিডেন্টকে বলেন, চলতি বছরের শুরুর দিকে তিনি ভারত সফর করেছিলেন। তবে পরে কাশ্মীর সীমান্তে সংঘর্ষের কারণে ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বাতিল করে।