ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে কাশ্মীর সমস্যার সমাধানে চল্লিশের দশকের জাতিসংঘ প্রস্তাবের বিষয়ে নীরব থাকতে চেয়েছিলেন পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশ করা এত দিন গোপন রাখা তারবার্তায় এ তথ্য জানা গেছে। খবর ডনের।
২০০০ সালের ২৭ মে ইসলামাবাদে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবদুল সাত্তারের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস পিকারিং। ওই বৈঠকের পর মার্কিন দূতাবাস থেকে গোপন তারাবার্তাটি পাঠানো হয়।
ওই তারবার্তায় বলা হয়েছে, ‘সাত্তার কাশ্মীরের সমস্যা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন এবং তিনি কাশ্মীরের ভেতরে ও দুই দেশের মধ্যকার নিয়ন্ত্রণরেখায় সহিংসতা কমানোর প্রয়োজন অনুভব করছেন। তিনি (সাত্তার) উল্লেখ করেন, ১৯৪০-এর দশকের জাতিসংঘে গৃহীত প্রস্তাবটি সমস্যার সমাধানে বিশেষ কোনো সহায়তা করবে না—এমন উপলব্ধির পরিপ্রেক্ষিতে পাকিস্তান ইচ্ছাকৃতভাবেই বিষয়টি নিয়ে নীরব রয়েছে।’
দুই দিন পর ২৯ মে ওয়াশিংটনে আরেকটি তারবার্তা পাঠায় ইসলামাবাদস্থ মার্কিন দূতাবাস। ওই বার্তায় পারভেজ মোশাররফের সঙ্গে পিকারিংয়ের বৈঠকের বিস্তারিত জানানো হয়। বৈঠকে মোশাররফ মার্কিন কর্মকর্তাকে বলেন, ‘কাশ্মীরে সহিংসতা হ্রাস ও আলোচনায় ফেরার বিষয়টি সমর্থন করে পাকিস্তান।’ মোশাররফ প্রতিশ্রুতি দেন, তাঁর সরকার সহিংসতা কমাতে ব্যবস্থা নেবে।
১৯৪৮ সালে পাস করা এক প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভারত ও পাকিস্তান উভয় দেশকে কাশ্মীর নিয়ে উত্তেজনা কমিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায়। এ ছাড়া এ লক্ষ্যে গঠিত কমিশনকে সম্প্রসারণ করে একে উপমহাদেশে গিয়ে কাশ্মীর নিয়ে একটি গণভোটের প্রস্তুতি নিতে বলা হয়। পাকিস্তান একে সমর্থন করে এলেও ভারত কোন গণভোটের বিরোধী।