'নয়া পাকিস্তান' গড়ে বিয়ে করবেন ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান তাঁর স্বপ্নের ‘নয়া পাকিস্তান’ গড়ে বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছা পোষণ করেছেন।

গতকাল রোববার রাতে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে পার্লামেন্টের সামনে অবস্থান নেওয়া সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ইমরান এ কথা বলেন।

জনপ্রিয় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ৬২ বছর বয়সী ইমরান খান সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি শুধু আপনাদের জন্য নতুন পাকিস্তান গড়তে চাই না, আমার নিজের জন্যও চাই। কারণ, “নয়া পাকিস্তানের” স্বপ্ন সত্যি হলে আমি বিয়ে করব।’

পিটিআইয়ের খবরে বলা হয়, ১৯৯৫ সালে পাকিস্তানের তত্কালীন হার্টথ্রুব এই ক্রিকেট তারকা ব্রিটিশ বংশোদ্ভূত জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ইমরান-জেমিমা দম্পতির সুলায়মান ও কাসিম নামের দুই ছেলে আছে। দুই ছেলে বর্তমানে জেমিমার সঙ্গে যুক্তরাজ্যে থাকে।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নানাজনকে জড়িয়ে নানা সময়ে ইমরানের প্রেমের খবর প্রচারিত হয়। এ অবস্থায় ইমরানের পরিবার চায়, তিনি আবার বিয়ে করে থিতু হোন। বয়সের হিসাবে ইমরান নিজের ফিটনেস বেশ ভালোভাবে ধরে রেখেছেন। তিনি এই বয়সেও নারীদের মধ্যে জনপ্রিয় বলে মনে করা হয়।