'ভাগো, ইমরান ভাগো'

পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে প্রবেশ করতে গিয়ে বিব্রত হয়েছেন পাকিস্তান তেহরিহ-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। তাঁকে স্কুলে প্রবেশে বাধা দিয়েছেন অভিভাবকেরা।
পাকিস্তানের ডন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় ইমরানের সঙ্গে তাঁর নববধূ রেহাম খানও ছিলেন।
ইমরান ওই স্কুলের ভেতরে যেতে চাইলে অভিভাবকেরা তাঁকে বাধা দেন। সেখান থেকে চলে যেতে অভিভাবকেরা স্লোগানও দেন। চিৎকার করে তাঁরা বলতে থাকেন, ‘ভাগো, ইমরান ভাগো।’
দ্য এক্সপ্রেস নিউজের খবরে জানানো হয়, বাধার মুখে অন্য একটি পথ দিয়ে স্কুলের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন ইমরান।
পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রান্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে গত ১৬ ডিসেম্বর ভয়াবহ হামলা চালায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিরা। এতে ১৩৪ শিশুসহ অন্তত ১৫০ জন নিহত হয়।
ওই ঘটনার পর থেকে শীতকালীন ছুটি বাড়িয়ে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়। গত সোমবার থেকে পেশোয়ারের ওই স্কুলটিসহ সরকারি-বেসরকারি অন্য শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর শিক্ষাকার্যক্রম আবার শুরু হয়েছে।