প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের বাড়িতে স্বাভাবিক কাজকর্ম করছিলেন পাকিস্তানের মুজাফফরাবাদের বাসিন্দা শেহনাজ রাশেদ। হঠাৎ ভূমিকম্পের ঝাঁকুনি। সঙ্গে সঙ্গেই দুই ছেলের কথা মনে করে মহা আতঙ্ক নিয়ে তাদের স্কুলের দিকে ছুট দেন তিনি। খবর এএফপির।
৩৪ বছর বয়সী শেহনাজের এই আতঙ্কের কারণ ২০০৫ সালের শক্তিশালী ভূমিকম্পের দুঃসহ স্মৃতি। ওই ভূমিকম্প অনেকের মতো শেহনাজের এক মেয়ের জীবন কেড়ে নেয়। গত মঙ্গলবারের ভূমিকম্পের মুহূর্তের কথা মনে করে শেহনাজ বলেন, ‘ভূমিকম্পের সময় মনে হচ্ছিল, আমার সেই প্রলয়ের দিন ফিরে আসছে।’
শেহনাজ বলেন, ‘আমি সবকিছু ফেলে পাগলের মতো সন্তানদের স্কুলের দিকে দৌড় দিই। এমনকি বাড়ির দরজা লাগানোর কথাও মনে আসেনি আমার। পথে কোনো কিছু তোয়াক্কা করিনি।’ এমন উন্মত্তভাবে দুই ছেলের কাছে যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘যদি মারা যাই, তাহলে যেন একসঙ্গেই আমাদের মৃত্যু হয়।’