'মনে হচ্ছিল ২০১৬ দেখতে পাব না'

সুউচ্চ ভবনের বারান্দার দিকে ধেয়ে আসছে আগুনের লেলিহান শিখা। সেখানে ছিলেন এক চিত্রগ্রাহক। তিনি ভেবেছিলেন, হয়তো বাঁচবেন না। দেখা হবে না নতুন বছর। তবে শেষ পর্যন্ত তাঁর জীবন রক্ষা পেয়েছে। ২০১৬ সাল দেখার সৌভাগ্য তাঁর হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অ্যাড্রেস ডাউনটাউন নামের একটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ভবনে গতকাল বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির ৪৮ তলার বারান্দায় ছিলেন নাম প্রকাশ না করা ওই চিত্রগ্রাহক।
চিত্রগ্রাহকের ভাষ্য, পত্রিকার জন্য নতুন বছরের আতশবাজির ছবি তুলতে এক বন্ধুর সঙ্গে ওই ভবনের বারান্দায় গিয়েছিলেন তিনি। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ বিভীষিকা নেমে আসে। হোটেল ভবনের নিচের দিকে ভয়াবহ আগুনের সূত্রপাত। সেই আগুন অনেক তলায় ছড়িয়ে পড়ে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে চিত্রগ্রাহক বলেন, বারান্দার দিকে আগুন ধেয়ে আসছিল। এতে ভয় পেয়ে তিনি ভাবছিলন, দম বন্ধ হয়ে মারা যাবেন। পরে অবশ্য জানালা পরিষ্কার করার কাজে ব্যবহার করা দড়িতে ঝুলে পড়ে আগুন থেকে রক্ষা পান তিনি।
বার্তা সংস্থা এএফপিকে ওই চিত্রগ্রাহক বলেন, দড়িই তাঁর জীবন বাঁচিয়েছে। বারান্দায় তাঁর অবস্থান থেকে ১০ মিটারেরও কম ব্যবধানে আগুন ছিল।
চিত্রগ্রাহক জানান, আগুন লাগার পর সহকর্মীদের কাছে খুদেবার্তা পাঠিয়ে সাহায্য চেয়েছেন তিনি। পরে ঘটনাস্থলে বেসামরিক প্রতিরক্ষাবাহিনী আসে। তারা তাঁকে শান্ত করার চেষ্টা করে। এ সময় তিনি বলেন, ‘আমি বাঁচতে চাই। আমার স্ত্রীকে দেখতে চাই।’
উদ্ধারকর্মীরা আটকে পরা ওই চিত্রগ্রাহককে উদ্ধার করেন। চিত্রগ্রাহকের ভাষ্য, আগুনের কারণে তিনিই হয়তো সবচেয়ে বেশি সময় ধরে আটকে ছিলেন।
নতুন বছরের শুরুটা স্মরণীয় করে রাখতে অনেকে নানাভাবে উদ্যোগ নেয়। তবে কোনো উদ্যোগ ছাড়াই এক আকস্মিক অঘটনে ওই চিত্রগ্রাহকের জীবনে যা ঘটে গেল, তা চিরস্মরণীয়। আগুন থেকে বেঁচে যাওয়ার পর কাঁপা-গলায় ওই চিত্রগ্রাহক বলেন, নতুন বছর দেখতে পাওয়ায় তিনি উদ্বেলিত।
বিবিসির খবরে বলা হয়েছে, ভবনটির পাশেই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার অবস্থান।
কী কারণে ভবনটিতে আগুন লাগে, তা জানা যায়নি।
সরকারের কর্মকর্তারা টুইটারে বলেছেন, ভবনটির ২০ তলা থেকে আগুন লাগে। স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় আগুনের সূত্রপাত।
টুইটারে প্রকাশিত প্রাথমিক ছবিগুলোতে দেখা যায়, অন্তত ৬০ তলাবিশিষ্ট ভবনটির নিচের অংশে আগুন লাগে। কিন্তু উত্তর থেকে আসা প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুতই অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে থাকে।
ঘটনাস্থলের আশপাশে থাকা প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নববর্ষ উপলক্ষে পাশের বুর্জ খলিফা ভবন থেকে মধ্যরাতে বিরাট আতশবাজি প্রদর্শনী শুরু হওয়ার আগে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের পর ভবনটি থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ভবনটিতে একটি বিলাসবহুল হোটেলের পাশাপাশি বহু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স রয়েছে।