'মনে হলো মৃত্যুই এগিয়ে আসছে আমার দিকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার শরীর কাঁপছিল। আমার দিকে কালো বুট এগিয়ে আসার সেই দৃশ্য কখনোই ভুলতে পারব না। মনে হলো যেন মৃত্যুই আমার দিকে এগিয়ে আসছে।’ কথাগুলো বলছিল ১৬ বছর বয়সী স্কুলছাত্র সালমান (প্রকৃত নাম নয়)। পাকিস্তানের পেশোয়ারের ওয়ারসাক রোডে সেনাবাহিনী পরিচালিত স্কুলে গতকাল জঙ্গিদের তাণ্ডব থেকে বেঁচে এসেছে সে। তবে গুলি লেগেছে তার দুই পায়ে। খবর এএফপির।
সালমান জানায়, সহপাঠীদের সঙ্গে সে স্কুলের মিলনায়তনে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেশনে ছিল। আধা সামরিক পোশাক পরা চারজন অস্ত্রধারী অতর্কিত সেখানে ঢুকে পড়ে। ‘আল্লাহু আকবর’ বলে তাঁরা গুলি শুরু করে।’
সালমান বলে, ‘আমি দেখলাম বড় কালো এক জোড়া বুট আমার দিকে এগিয়ে আসছে। লোকটি সম্ভবত বেঞ্চের নিচে লুকিয়ে থাকা শিশুদের ধরতে এসেছিল। একপর্যায়ে, আমার হাঁটুর নিচে গুলি করে।’