'মুম্বাই হামলার পরিকল্পনা হয়েছিল পাকিস্তানে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে ভারতের মুম্বাই হামলার পরিকল্পনা হয়েছিল পাকিস্তানে এবং ওই দেশ থেকেই হামলাটি পরিচালনা করা হয়। এমন দাবি করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার সাবেক মহাপরিচালক (ডিজি) তারিক খোসা।

পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে তারিক খোসা এ কথা বলেছেন বলে টাইমস অব ইন্ডিয়ায় আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

তারিক খোসা ওই প্রবন্ধে লিখেছেন, ওই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও মূল হোতাদের বিচারের আওতায় আনার বিষয়টি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর নিশ্চিত করা প্রয়োজন।

২০০৮ সালের নভেম্বরে পাকিস্তানের সন্ত্রাসীরা মুম্বাইয়ে হামলা চালায়। এতে ভারতীয় ও বিদেশিসহ ১৬৬ জন মারা যায়। হামলাকারীদের মধ্যে আজমল কাসাব নামের একজনকে আটক করা হয়। পরে ভারতে তাঁর ফাঁসি কার্যকর হয়। হামলাকারীদের মধ্যে বাকিরা নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হন। পাকিস্তান প্রথম দিকে ওই হামলার সঙ্গে নিজেদের কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করে। পরে কাসাব ও ওই হামলার মূল পরিকল্পনাকারীরা পাকিস্তানি নাগরিক বলে প্রমাণিত হলে পাকিস্তান বিষয়টি স্বীকার করে নেয়।

তারিক খোসা বলেছেন, কাসাব পাকিস্তানি। মুম্বাইয়ে হামলাকারী লস্কর-ই-তাইয়েবার সদস্যরা সিন্ধের কাছে থাত্তায় প্রশিক্ষণ নেন। সমুদ্রপথে তাঁরা মুম্বাই ঢোকেন। তদন্তকারীরা প্রশিক্ষণ শিবির চিহ্নিত করে। মুম্বাই হামলায় ব্যবহৃত বিস্ফোরকের নমুনার সঙ্গে ওই প্রশিক্ষণ শিবির থেকে উদ্ধার করা বিস্ফোরকের মিল পাওয়া গেছে।

সাবেক এই কর্মকর্তা বলেন, হামলাকারীরা ভারতে প্রবেশ করার জন্য মাছ ধরার একটি নৌকা ব্যবহার করে। এটি মুম্বাইয়ের উপকূলে নোঙর করে রাখা ছিল। পরে রং করে পাল্টে ফেলা হয়। তদন্তকারীরা সেটি জব্দ করে। তদন্তে দেখা গেছে, ওই নৌকার ইঞ্জিন জাপান থেকে লাহোরে আমদানি করা হয়। পরে সেটি করাচি হয়ে লস্কর-ই-তাইয়েরার কাছে পৌঁছে। আর্থিক লেনদেন খতিয়ে দেখে গ্রেপ্তারকৃত কাসাবের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়। তদন্তে আরও বেরিয়ে আসে যে অপারেশনটির ব্যাপারে করাচি থেকে দিকনির্দেশনা আসছিল। আর পুরো যোগাযোগটাই হচ্ছিল ভিওআইপি কলের মাধ্যমে।

অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা মনে করেন, তদন্তে সব বিষয় বের হয়ে এসেছে। তাই পরস্পরকে দোষারোপ না করে দুই দেশের আইনি বিশেষজ্ঞদের উচিত, একসঙ্গে বসা।