'যুগান্তকারী' গোয়েন্দা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিশ্বাস, শত্রুতা আর পাল্টাপাল্টি অভিযোগের দিন পেছনে ফেলে পাকিস্তান ও আফগানিস্তান এখন থেকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করবে। লক্ষ্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিন্ন লড়াই জোরদার। খবর রয়টার্স ও ডনের।
পাকিস্তানের প্রভাবশালী প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ও আফগানিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) মধ্যে এই চুক্তির ঘোষণা আনুষ্ঠানিকভাবে এসেছে গত সোমবার। তবে চুক্তিটি করা হয়েছে গেল সপ্তাহের কোনো একসময়ে। দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে এটাই এ ধরনের প্রথম চুক্তি। দেশ দুটি একে যুগান্তকারী চুক্তি হিসেবেই দেখছে।
পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসিম বাজওয়া সোমবার রাতে টুইটারে দেওয়া এক বিবৃতিতে চুক্তি হওয়ার কথা জানান। এতে বলা হয়, আইএসআই ও এনডিএস-এর মধ্যে বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য বিনিময়, সীমান্তের উভয় পাশে সম্পূরক ও সমন্বিত অভিযান পরিচালনা ইত্যাদি।
সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তান সম্পর্ক উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। গত সপ্তাহেই পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং সেনাবাহিনী ও আইএসআই প্রধান কাবুল সফর করেন।