পাকিস্তানের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল সোহেইল আমান বলেছেন, শত্রুপক্ষের করা যেকোনো ভুলের কড়া জবাব দেওয়া হবে। ভারতীয় বিমানবাহিনীর প্রধানের সাম্প্রতিক বিবৃতির জবাবে গত সোমবার তিনি এ কথা বলেন।
সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর প্রধান এক বিবৃতিতে তাঁর সেনাদের প্রস্তুত থাকতে বলেছেন। তিনি আরও বলেন, অল্প সময়ের নোটিশে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য সেনাদের প্রস্তুত থাকতে হবে। এর জবাবে সোহেইল আমান বলেন, ‘পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। কিন্তু শত্রুপক্ষ যদি কোনো ধরনের ‘ভুল’ করে, তবে আমরা এমন উত্তর দেব যে তাদের ভবিষ্যৎ প্রজন্মও তা মনে রাখবে।’
স্কারদুতে কাদরি বিমানঘাঁটিতে অনুষ্ঠিত মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন সোহেইল আমান। এ সময় মিরেজ যুদ্ধবিমানের মহড়া অনুষ্ঠিত হয়। বিমানবাহিনীর প্রধান এই মহড়া পরিদর্শন করেন। এই মহড়া বিমানবাহিনীর প্রশিক্ষণের অংশ জানিয়ে তিনি বলেন, যুদ্ধের জন্য ২৪ ঘণ্টা নিজেদের প্রস্তুত রাখতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে তাঁর বাহিনী।
পাকিস্তানের বিমানবাহিনীর প্রধান বলেন, গত আড়াই বছরে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে নিজেদের পেশাদারত্বের পরিচয় রেখেছে এই বাহিনী। এসব অভিযান চালানোর সময় একটিও হতাহত হওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালাতে অপরাপর সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।