'সন্ত্রাসের উৎস আফগানিস্তান, নিয়ন্ত্রণে ভারতীয় গোয়েন্দারা'
পাকিস্তানে সন্ত্রাসী হামলার হুমকি সৃষ্টি হচ্ছে আফগানিস্তান থেকে, যার নিয়ন্ত্রণে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। গত মঙ্গলবার ইসলামাবাদে এক বৈঠকে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এ কথা বলেছেন।
সেনা কর্মকর্তাদের নিয়মিত মাসিক বৈঠক ছিল এটি। তবে গত সোমবার কোয়েটায় সন্ত্রাসী হামলার পর এ বৈঠকটি আলাদা গুরুত্ব পায়। বৈঠকের পর আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শীর্ষ সেনা কর্মকর্তারা মনে করেন, দেশে সন্ত্রাসের হুমকির ধরন পরিবর্তিত হচ্ছে। পাকিস্তানের বৈরী প্রতিবেশীদের মধ্যে বাড়তে থাকা যোগাযোগ এবং সেই সঙ্গে দেশীয় ‘সহযোগী’রা এ সন্ত্রাসের পেছনে দায়ী। এসব সহযোগীর চক্র বিদেশি শত্রুদের জন্য একটি ক্ষেত্রও তৈরি করছে বলে কর্মকর্তারা মনে করেন। তবে ‘বাইরের দেশের শত্রু’দের এসব দেশীয় সহযোগী কারা বা তারা দেশীয় কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্য কি না—এ বিষয়ে বিশদ বলা হয়নি।।