'সার্জিক্যাল স্ট্রাইকের' দাবি নাকচ পাকিস্তানের
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ দাবি নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। তবে পাকিস্তান অভিযোগ করেছে, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতের হামলায় পাকিস্তানের দুজন সেনাসদস্য নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার পাকিস্তানের আইএসপিআরের এক বিবৃতিতে এলওসিতে দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করা হয়।
এলওসিতে ভারতের ওই হামলাকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
পাকিস্তানের আইএসপিআরের বরাত দিয়ে এএফপি ও ডনের খবরে বলা হয়েছে, সীমান্তে এলওসিতে দুই দেশের সেনাদের মধ্যে বুধবার রাত আড়াইটায় গোলাগুলি শুরু হয়ে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত চলে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভীমপুর, হটস্প্রিং, কেল ও লিপায় এ হামলা চলে। বিনা উসকানিতে ভারত গুলিবর্ষণের প্রতিক্রিয়া দেখিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ওই হামলার ঘটনায় নয়জন সেনা আহত হয়েছে। তিনি বলেন, ভারতের গুলিবর্ষণের পরই পাকিস্তান ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সাড়া দিয়েছে।
পাকিস্তানের জিও নিউজের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ওই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি পাকিস্তানের সেনাবাহিনীর আত্মত্যাগের প্রশংসা করেন। এক বিবৃতিতে আজ নওয়াজ শরিফ বলেছেন, ‘শান্তির জন্য আমদের নিরন্তর প্রয়াসকে দুর্বলতা ভাবা উচিত হবে না। পাকিস্তানের সেনাবাহিনী তার সীমানা রক্ষায় সম্পূর্ণরূপে সক্ষম।’
টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে আজ বলা হয়, পাকিস্তানসংলগ্ন কাশ্মীর সীমান্তে গোলযোগপূর্ণ নিয়ন্ত্রণরেখায় গতকাল বুধবার রাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর এ অভিযানকে বলা হচ্ছে ‘সার্জিক্যাল স্ট্রাইক’। এ ধরনের অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতে অনুপ্রবেশ ও হামলা চালাতে প্রস্তুত সন্ত্রাসীগোষ্ঠীর ওপর হামলা চালানো হয়। এতে দুজন নিহত হওয়ার কথা বলা হয়। অভিযানকালে ভারতীয় পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অভিযান চালানোর পর ভারতের পক্ষ থেকে বিষয়টি পাকিস্তানকে অবহিত করার কথা প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারতের পাঠানকোট সেনাছাউনিতে হামলার পর উরি সেনাছাউনিতে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীরা হামলা চালায়। ওই হামলায় উরিতে ১৮ জন জওয়ান নিহত হয়। এ হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তারপর এল এই ‘সার্জিক্যাল স্ট্রাইক’।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যে শিবিরগুলোতে আক্রমণ করা হয়েছে, সেখান থেকে সন্ত্রাসীরা ভারতে ঢোকার জন্য জড়ো হয়েছিল। তারা উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল।
আরও পড়ুন: