'সিনেমার মত নির্যাতন চলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তির পর গত ৮ মার্চ কোয়েটার নিজ বাড়িতে শাহবাজ তাসির l এএফপি
মুক্তির পর গত ৮ মার্চ কোয়েটার নিজ বাড়িতে শাহবাজ তাসির l এএফপি

‘ওরা আমার আঙুলের নখ উপড়ে ফেলে। পিঠ ছিলে সেখানে লবণ লাগিয়ে দেয়। আমার মুখ একপ্রকার সেলাই করে ফেলে। এমনও সময় গেছে, টানা সাত দিন আমাকে খেতে দেওয়া হয়নি।’—এভাবেই আঁতকে ওঠার মতো বর্ণনা দিয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নিহত গভর্নর সালমান তাসিরের ছেলে শাহবাজ তাসির।
উজবেকিস্তানের জঙ্গিগোষ্ঠী অপহরণ করে পাঁচ বছর বন্দী করে রেখেছিল তাঁকে। গত মার্চ মাসে বন্দিদশা থেকে মুক্তি মেলে তাঁর। মুক্তির পর মুখ খোলেননি তিনি। অবশেষে গতকাল মঙ্গলবার বিবিসির উর্দু সার্ভিস এবং সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ে তাঁর ওপর চলা নির্যাতনের কথা বলেন তিনি।
২০১১ সালে লাহোর থেকে অপহৃত হন শাহবাজ। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত অঞ্চলে এবং আফগানিস্তানে। তিনি বলেন, তাঁকে অপহরণের মূলে ছিল ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান নামের একটি জঙ্গিগোষ্ঠী। শাহবাজ বলেন, ‘হলিউডের সিনেমায় যেমন করে শাস্তি দেওয়া হয়, তেমন করে প্রায় এক বছর আমার ওপর চলে নিষ্ঠুর নির্যাতন।’
শাহবাজ বলেন, ‘ওরা আমার পায়ে গুলি করে। নিতম্ব কেটে ফেলে। সাত দিন ধরে সেখানে রক্ত ঝরেছে। সাহায্যের জন্য কেউ একটু এগিয়ে আসেনি।’
শাহবাজের এই ফিরে আসাকে ‘ব্যক্তিগত বিজয়’ বলে মনে করেন তিনি। শাহবাজ বলেন, ‘পরিচিত লোকজন, আমার বন্ধু ও পরিবারের সদস্যরা বলে, “তুমি খুব সাহসী।” আমি শুধু এটুকুই বলতে পারি, ওই ঘটনা আমাকে ধৈর্যশীল হতে শিখিয়েছে।’
পাকিস্তানে চালু থাকা ধর্মদ্রোহ প্রতিরোধবিষয়ক ব্লাসফেমি আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শাহবাজের বাবা সালমান তাসির নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন। এ ঘটনার পর এ পরিবার জঙ্গিগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। শাহবাজ বলেন, তাঁকে অপহরণ করে জঙ্গিরা মোটা টাকা মুক্তিপণ এবং পুলিশের হাতে আটক তাদের ২৫ সদস্যের মুক্তি দাবি করে। এসব দাবির কোনোটিই পূরণ করা হয়নি। কিন্তু ২০১৫ সালে এই গোষ্ঠীর সঙ্গে আফগান তালেবান যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়। উজবেকদের হারিয়ে দেওয়ার পর আফগান তালেবানদের হাতে পড়েন শাহবাজ। এই গোষ্ঠী মুক্তিপণের বিষয়ে আগ্রহী ছিল না। তারা শুধু তাঁকে আটকে রাখে। তিনি বলেন, ‘এখানে আমি একজনের সন্ধান পাই। তিনিই আমাকে ছাড়া পেতে সহায়তা করেন।’