নিউইয়র্কের স্কুলে এক বছর এআই ব্যবহার নয়

ব্যক্তি এআই ব্যবহারের সময় তথ্য যাচাই করতে পারেনছবি: লিংকডইন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সরকারি স্কুলে শিক্ষার্থীদের জন্য এক বছর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে। এর আওতায় পড়বে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাথীরা। শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার সীমিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি গত বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এর প্রভাব পড়বে নিউইয়র্কের সরকারি স্কুলগুলোর প্রায় ছয় লাখ শিক্ষার্থীর ওপর। সংখ্যাটি শহরের সরকারি স্কুলের মোট স্কুলশিক্ষার্থীর তিন ভাগের দুই ভাগ।

এআই নিষিদ্ধের পেছনে মামদানির যুক্তি হলো শিক্ষার্থীদের চিন্তাভাবনা করার ক্ষমতা ধরে রাখা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যকার সম্পর্ক রক্ষা করাই এই সিদ্ধান্তের লক্ষ্য। তিনি বলেন, ‘প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো আমাদের বিশ্বাস করাতে চায় যে প্রাথমিক শিক্ষায় এআই ব্যবহার প্রয়োজনীয়। আমরা বিষয়টি এভাবে দেখি না।’

বুধবার ঘোষণা করা এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি জোটও গঠন করা হবে। এক বছর এআই নিষেধাজ্ঞার প্রভাব কতটুকু পড়েছে, তা মূল্যায়ন করবেন তাঁরা। একই সঙ্গে পরবর্তী শিক্ষাবর্ষগুলোতে কী ধরনের নীতি গ্রহণ করা উচিত, সে বিষয়ে সুপারিশ দেবেন।

এর আগে গত বছর নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্কুল চলাকালে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এ ছাড়া ২০২৩ সালে নিউইয়র্ক শহরে শিক্ষা বিভাগ স্কুলের কম্পিউটারে চ্যাটজিপিটির ব্যবহার নিষিদ্ধ করেছিল। তবে কয়েক মাস পরেই ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল সরকার।