দক্ষিণ এশিয়ায় ৭৬% শিশু প্রচণ্ড গরমে কাহিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড গরমে ভারতের নয়াদিল্লিতে পানি পান করছে শিশুটি
ফাইল ছবি: রয়টার্স

ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার ৭৬ ভাগ শিশু ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ উচ্চ তাপমাত্রায় ভুগছে। বিশ্বের যেকোনো অঞ্চলের মধ্যে এই হার সর্বোচ্চ। গতকাল সোমবার জাতিসংঘ এ বিষয়ে সতর্ক করেছে।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় প্রায় ৪৬ কোটি শিশু চরম তাপমাত্রার সংস্পর্শে আসছে, যা এ অঞ্চলের মোট শিশুর ৭৬ শতাংশ। বিশ্বজুড়ে তা ৩৩ শতাংশের (এক-তৃতীয়াংশ) মতো।

ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় বিজেসেকেরা বলেন, বিশ্ব বৈশ্বিকভাবে উষ্ণতর হতে থাকায় তথ্য-উপাত্তে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, দক্ষিণ এশিয়াজুড়ে শিশুদের জন্য সুবিধাজনক পরিবেশ ক্রমবর্ধমানভাবে তাপপ্রবাহ ও উচ্চ তাপমাত্রার কারণে ঝুঁকির মধ্যে পড়েছে।

আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও পাকিস্তানের শিশুরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে ‘মারাত্মক ঝুঁকিতে’ রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। কারণ, এসব দেশে বছরে ৮৩ দিন বা এর বেশি সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকছে।

বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে শিশুরা দ্রুত খাপ খাইয়ে নিতে পারে না। বিজেসেকেরা বলেন, কম বয়সী শিশুরা সাধারণত তাপমাত্রা সামলাতে পারে না।