তরুণদের মধ্যে ক্যানসার আক্রান্তের হার বাড়ছে, কারণ কী

বিশ্বজুড়ে সব বয়সী মানুষের মধ্যেই ক্যানসারের হার বাড়ছেপ্রতীকী ছবি: রয়টার্স

তরুণদের মধ্যে ক্যানসারে আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ড নামের একটি আন্তর্জাতিক সংস্থার গবেষণায় এ চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। গবেষণায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের ক্যানসার–সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে সব বয়সী মানুষের মধ্যেই ক্যানসারের হার বাড়ছে। তবে অল্প বয়সে এই বৃদ্ধির হার বেশি। যেমন যুক্তরাজ্যে অল্প বয়সে সাত ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার উল্লেখযোগ্যেভাবে বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে পাঁচ ধরনের এবং নেদারল্যান্ডসে চার ধরনের ক্যানসারের ক্ষেত্রে একই চিত্র দেখা গেছে।

আরও পড়ুন

গবেষণায় দেখা যায়, ২০০১ সালে যুক্তরাজ্যে ৫০ বছরের কম বয়সী পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের হার ছিল প্রতি এক লাখে একজন। ২০২৩ সালে তা বেড়ে লাখে ৩ দশমিক ৬ জন হয়েছে। একই সময়ে অন্ত্রের ক্যানসারের হার ৩ দশমিক ৯ জন থেকে বেড়ে ৮ দশমিক ৪ জন হয়েছে। এ ছাড়া অল্প বয়সে শুরু হওয়া জরায়ু ও কিডনির ক্যানসারের হারও দ্বিগুণ হয়েছে।

যুক্তরাজ্যে ৫০ বছরের কম বয়সী নারীদের মধ্যে স্তন ক্যানসারের হারও বেড়েছে। ২০০১ সালে প্রতি ১ লাখে ৪২ জন থেকে বেড়ে ২০২৩ সালে হয়েছে ৪৭ দশমিক ৫ জন। এ ছাড়া অল্প বয়সে শুরু হওয়া অগ্ন্যাশয় ও যকৃতের ক্যানসারে আক্রান্তের হারও বেড়েছে।

আরও পড়ুন

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ৫০ বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে কিডনি ক্যানসারের হার দ্বিগুণের বেশি হয়েছে। ২০০০ সালে প্রতি ১ লাখে ২ দশমিক ৫ জন থেকে বেড়ে ২০২৩ সালে তা হয়েছে ৫ দশমিক ৩ জন। একই সময়ে অন্ত্র, জরায়ু ও অগ্ন্যাশয়ের ক্যানসারের হার ৫০ শতাংশের বেশি বেড়েছে। স্তন ক্যানসারের হার বেড়েছে প্রায় ২০ শতাংশ। 

নেদারল্যান্ডসেও অল্প বয়সে শুরু হওয়া অন্ত্র, কিডনি, যকৃৎ ও জরায়ুমুখের ক্যানসারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ড জানায়, স্থূলতার হার বৃদ্ধি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ব্যায়ামের অভাব, মদ্যপান, ধূমপান এবং দূষণকারী বিভিন্ন পদার্থ অল্প বয়সে ক্যানসার আক্রান্ত হওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে। তবে ক্যানসারের উপসর্গ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ার কারণেও রোগ আগের তুলনায় দ্রুত শনাক্ত হচ্ছে।

আরও পড়ুন