দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের
বিখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের মূল প্রতিষ্ঠানের মালিকানায় বড় পরিবর্তন এসেছে। লিন ফরেস্টার ডি রথচাইল্ডের হাতে থাকা ইকোনমিস্ট গ্রুপের ২৬ দশমিক ৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন কানাডীয় ধনকুবের স্টিফেন স্মিথ। ১৮৩ বছরের ইতিহাসে প্রতিষ্ঠানটির মালিকানা কাঠামোতে এটি তৃতীয় বড় ধরনের পরিবর্তনের ঘটনা।
স্মিথ এবং তাঁর পারিবারিক হোল্ডিং কোম্পানি স্মিথ ফাইন্যান্সিয়াল করপোরেশন এই শেয়ার কিনেছে। প্রভাবশালী পরামর্শক গ্রুপ গ্লাস লুইসের সহমালিকানাসহ বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এই কোম্পানির অধীনে। তবে কত টাকার বিনিময়ে এই শেয়ার কেনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
দ্য ইকোনমিস্ট গ্রুপ (টিইজি) বিশ্বজুড়ে সমাদৃত সাপ্তাহিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের মূল প্রতিষ্ঠান। এ ছাড়া এই গ্রুপের ডিজিটাল প্রকাশনা ১৮৪৩ ম্যাগাজিন এবং একটি বিজনেস ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে।
২০২৫ সালের মার্চ পর্যন্ত আর্থিক বছরের হিসাব অনুযায়ী, গ্রুপটি ৩৬ কোটি ৯০ লাখ পাউন্ড (১ ব্রিটিশ পাউন্ড=১৬৩ টাকা) আয় করেছে এবং সব খরচ বাদ দিয়ে ৪ কোটি ৮০ লাখ পাউন্ড মুনাফা করেছে। একই সময়ে দ্য ইকোনমিস্টের গ্রাহক সংখ্যা ৩ শতাংশ বেড়ে ১২ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে।
এই চুক্তি সম্পন্ন হওয়ার জন্য ইকোনমিস্ট গ্রুপের পরিচালনা পর্ষদ এবং চারজন স্বতন্ত্র ট্রাস্টির অনুমোদনের প্রয়োজন হবে। এই ট্রাস্টিরা মূলত ইকোনমিস্টের সম্পাদকীয় মূল্যবোধ বজায় রাখার দায়িত্বে নিয়োজিত।
এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই বিনিয়োগ ইকোনমিস্টের দীর্ঘদিনের সম্পাদকীয় স্বাধীনতার ঐতিহ্যের প্রতি স্টিফেন স্মিথের পূর্ণ সমর্থনকে প্রতিফলিত করে। এর ফলে ইকোনমিস্টৈর কৌশল ও কার্যক্রম কোনো প্রভাব ছাড়াই অব্যাহত থাকবে।’
ইকোনমিস্ট গ্রুপের একজন মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে বর্তমান শেয়ারহোল্ডার লিন ফরেস্টার ডি রথচাইল্ড, তাঁর পরিবার এবং পারিবারিক ফাউন্ডেশনের কাছ থেকে ২৬ দশমিক ৯ শতাংশের ছোট শেয়ার কেনার বিষয়ে স্টিফেন স্মিথ ও তাঁর কোম্পানি স্মিথ ফাইন্যান্সিয়াল একটি চুক্তিতে পৌঁছেছে।’
ফরেস্টার ডি রথচাইল্ড, তাঁর পরিবার এবং পারিবারিক ফাউন্ডেশন ২০০২ সাল থেকে ইকোনমিস্ট গ্রুপে এই শেয়ারের মালিক ছিল। গত অক্টোবরে রথচাইল্ড পরিবার প্রতিষ্ঠানটিতে তাদের থাকা মালিকানা বিক্রির জন্য আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ল্যাজার্ডকে নিয়োগ দেয়। এর মধ্যে ইকোনমিস্ট গ্রুপের প্রায় ২০ শতাংশ ভোটাধিকার বা ভোটিং শেয়ারও অন্তর্ভুক্ত।
এই প্রতিষ্ঠানের মালিকানা কাঠামো বেশ জটিল। বর্তমানে পারিবারিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বর্তমান ও সাবেক সহকর্মী এবং তাঁদের পরিবার মিলিয়ে প্রায় ১ হাজার শেয়ারহোল্ডার রয়েছেন।
রথচাইল্ড পরিবারের যে অংশটি স্টিফেন স্মিথ কিনছেন, তার মধ্যে সাধারণ শেয়ারের পাশাপাশি বিশেষ ‘এ’ শ্রেণির শেয়ারও রয়েছে। ফলে পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগের ক্ষেত্রে তিনি মত দেওয়ার সুযোগ পাবেন।
আগনেলি পরিবারের বিনিয়োগ সংস্থা এক্সের এই গ্রুপের ৪৩ দশমিক ৪ শতাংশ শেয়ারের মালিক, যার মধ্যে সব কটি বিশেষ ‘বি’ শ্রেণির শেয়ার অন্তর্ভুক্ত। এ ছাড়া ট্রাস্টিদের হাতেও কিছু শেয়ার রয়েছে। দ্য ইকোনমিস্টের সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার স্বার্থে নির্দিষ্ট কিছু করপোরেট কর্মকাণ্ডের ক্ষেত্রে এই ট্রাস্টিদের সম্মতির প্রয়োজন হয়।
কোনো একক শেয়ারহোল্ডার বা শেয়ারহোল্ডারদের কোনো গোষ্ঠী সম্মিলিতভাবে মোট ভোটাধিকারের ২০ শতাংশের বেশি ব্যবহার করতে পারে না। ফলে মূলত এককভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো সুযোগ নেই।