ভ্যান গঘের শেষ দিনগুলোর সৃষ্টিকর্ম নিয়ে বিরল প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমস্টারডামের একটি প্রদর্শনীতে ভ্যান গঘের ‘দ্য হারভেস্ট’ চিত্রকর্ম
ছবি: এএফপি ফাইল ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অভে সুর ওয়াইসে এলাকায় জীবনের শেষ সময়গুলো কাটিয়েছেন বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ। সেখানে বসেই তিনি বিখ্যাত কিছু সৃষ্টিকর্ম তৈরি করেছিলেন। আর এ ধরনের কিছু সৃষ্টিকর্ম নিয়ে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ভ্যান গঘ জাদুঘরে একটি প্রদর্শনী হতে যাচ্ছে।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় আর্লেস ও সেইন্ট–রেমি–দে–প্রভিন্স থেকে ১৮৯০ সালের ২০ মে প্যারিসের অভে সুর ওয়াইস গ্রামে যান ভ্যান গঘ। তখন তিনি মানসিক জটিলতায় ভুগছিলেন। এর মধ্যেও তিনি ৭৪টি চিত্রকর্ম তৈরি করেছেন। সর্বশেষ ‘ট্রি রুটস’ নামের চিত্রকর্মটি সৃষ্টির কিছুক্ষণ পরই ভ্যান গঘ নিজের বুকে নিজে গুলি করেন। এর দুদিন পর তিনি মারা যান। তখন তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর।

ভ্যান গঘ জাদুঘরের তত্ত্বাবধায়কেরা বলেছেন, অভে সুর ওয়াইস গ্রামে শেষ দিনগুলোয় ভ্যান গঘের আঁকা ৭৪টি সৃষ্টিকর্মের মধ্যে ৫০টি নিয়ে শুক্রবার থেকে প্রদর্শনী শুরু হচ্ছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন জাদুঘর ও ব্যক্তিগত সংগ্রহ থেকে ধার করা আরও ৩০টির বেশি চিত্রকর্ম এই প্রদর্শনীতে থাকবে। এর আগে বিশ্বের কোথাও কখনো ভ্যান গঘের এসব চিত্রকর্মের একসঙ্গে প্রদর্শনী হয়নি।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জাদুঘরটির পরিচালক এমিলি গোরদেঙ্কার বলেন, ভ্যান গঘের জীবনের শেষ ৭০ দিনের সৃষ্টিকর্ম নিয়ে প্রথমবারের মতো প্রদর্শনী হবে।

১৮৯০ সালের জুনে ড. পল গ্যাসি নামের চিত্রকর্মটি সৃষ্টি করেন ভ্যান গঘ। প্রদর্শনীর জন্য এই চিত্রকর্মসহ তাঁর আটটি সৃষ্টিকর্ম সরবরাহ করবে মুসি ডি ওরসে জাদুঘর কর্তৃপক্ষ।

প্রদর্শনীর একটি অনন্য দিক হচ্ছে—এখানে চিত্রকর্মগুলো ক্রমান্বয়ে সাজানো থাকবে। অর্থাৎ অভে সুর ওয়াইসে গ্রামে পৌঁছানোর পর ভ্যান গঘ প্রথম যে চিত্রকর্ম এঁকেছিলেন, সেটি শুরুতে থাকবে। এরপর ক্রমানুসারে সাজানো থাকবে। আর মৃত্যুর দুই দিন আগে তাঁর আঁকা ‘ট্রি রুট’ নামের শেষ চিত্রকর্মটি সবার শেষে থাকবে।

‘ভ্যান গঘ ইন অভে। হিজ ফাইনাল মান্থস’ (অভেতে ভ্যান গঘ, তাঁর জীবনের শেষ দিনগুলো) নামের এই প্রদর্শনী আগামীকাল শুক্রবার (১২ মে) শুরু হয়ে চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৩ অক্টোবর থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুসি ডি ওরসে জাদুঘরে প্রদর্শনী হবে।