বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’

ভিডিওতে দেখা যায়, একটি কালো বিড়াল খেলার মাঠের ওপর দিয়ে বড় একটি তোয়ালে টেনে নিয়ে যাচ্ছেছবি: ইউটিউবের ভিডিও থেকে

অনেক দিন ধরেই স্কুল থেকে তোয়ালে, জুতা, চশমা, এমনকি অন্তর্বাস উধাও হচ্ছিল। এগুলো কে নিচ্ছে, কেন নিচ্ছে, বোঝা যাচ্ছিল না। এভাবে এক বছরের বেশি পার। অবশেষে স্কুলের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে ‘চোর’। তবে ‘চোর’কে দেখে তো সবাই অবাক। সে আর কেউ নয়, একটি বিড়াল!

নিউজিল্যান্ডের আপানুই স্কুলে ঘটেছে এমন ঘটনা। প্রধান শিক্ষক মারামা স্টুয়ার্ট স্থানীয় সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানান, এক বছরের বেশি সময় ধরে রহস্যজনকভাবে এসব জিনিসপত্র গায়েব হচ্ছিল বিশেষ করে সুইমিং পুল ব্যবহারের মৌসুমে এগুলো বেশি হারাচ্ছিল।

স্টুয়ার্ট বলেন, শুরুতে তাঁরা স্কুলের কাছে রাস্তার পাশে ফুটপাতে জুতা, চশমা, অন্তর্বাস ও তোয়ালে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। সবশেষ এক জোড়া সাঁতারের পোশাক ও একটি তোয়ালে হারানোর পর অফিসের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানেই ধরা পড়ে বিড়ালটি।

এটিই শেষ নয়। নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ফুটেজের সূত্র ধরে স্কুলের শারীরিক শিক্ষাকক্ষের পেছনেও তল্লাশি চালানো হয়। সেখানেও পাওয়া গেছে খোয়া যাওয়া জিনিসের এক বড় মজুত।

এ নিয়ে ফেসবুকে স্কুলের পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, একটি কালো বিড়াল খেলার মাঠের ওপর দিয়ে বড় একটি তোয়ালে টেনে নিয়ে যাচ্ছে।

স্কুলের পরিচর্যাকারী কর্মীরা পরে বিড়ালের মনিবের সঙ্গে যোগাযোগ করেন। মনিবও

স্বীকার করেছেন যে তাঁর পোষা প্রাণীটি নাকি ‘কুখ্যাত চোর’। বিড়ালটির নাম জানা যায়নি। তবে স্কুল থেকে এটির নাম দেওয়া হয়েছে ‘স্লিঙ্কি মালিঙ্কি’।

প্রধান শিক্ষক মনে করছেন, ঘটনাটি থেকে স্কুলশিক্ষার্থীদের শিক্ষা নেওয়ার আছে। এখন থেকে হয়তো নিজের জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে রাখার কথা শিশুদের মনে থাকবে।

স্লিঙ্কি মালিঙ্কিকে নিয়ে অনেক মজার মজার গল্প লেখা সম্ভব হবে বলেও মনে করেন শিক্ষক স্টুয়ার্ট।