কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) রোবট যখন ছবি আঁকা, কবিতা লেখা ছেড়ে ঘরবাড়ির নকশা করতে শুরু করে, তখন কী ঘটে? এই প্রশ্ন এখন আর তাত্ত্বিক পর্যায়ে নেই। ডেনমার্কের উৎজন সেন্টারে বিশ্বের প্রথম মানবসদৃশ রোবট শিল্পী হিসেবে পরিচিত ‘এআই-দা’ একটি ভবনের নকশা করে ইতিহাস গড়েছে। এই রোবট এমন একটি ভবনের নকশা গড়েছে, যা ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলে ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে পারে। রোবটটি তৈরি এ প্রকল্পে নাম ‘এআই-দা: স্পেস পড’। এটি মডিউলার হাউজিং কনসেপ্ট বা আবাসন সম্পর্কিত বিশেষ ধারণা।
এআই-দার বিশেষত্ব কেবল ভবনের নকশাতেই সীমাবদ্ধ নয়। এর আগে এ রোবট চিত্রকর্ম তৈরিসহ বিভিন্ন দক্ষতা দেখিয়েছে। এখন সে শিল্পকলা ছাড়িয়ে মানুষের বসবাসের ভৌত অবকাঠামো তৈরির দিকে এগিয়ে যাচ্ছে।
উৎজন সেন্টারে ‘আই এম নট এ রোবট’ শিরোনামে একটি প্রদর্শনী শুরু হয়েছে, যা অক্টোবর পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে যন্ত্রের সৃজনশীল ক্ষমতাকে তুলে ধরা হচ্ছে। আয়োজকেরা বলছেন, এমন এক সময়ে রোবটের প্রদর্শনী হচ্ছে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোবট নিজেই চিন্তা করতে পারছে। এআই-দার রয়েছে ক্যামেরাযুক্ত চোখ, বিশেষভাবে তৈরি এআই অ্যালগরিদম এবং একটি রোবটিক হাত। এ হাত ব্যবহার করে সে সরাসরি ছবি আঁকতে পারে।
এআই-দার উদ্ভাবক এবং এর পরিচালক এইডান মেলার বলেন, এআই-দা একটি যৌথ আবাসিক এলাকার ধারণা তুলে ধরেছে। এটি এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দেয়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা হবে স্থাপত্যের অবিচ্ছেদ্য অংশ।