গায়ানায় স্কুলে আগুন, ২০ জনের প্রাণহানি
গায়ানায় একটি বিদ্যালয়ের ডরমিটরিতে অগ্নিকাণ্ডে ২০ জন প্রাণ হারিয়েছেন। গত রোববার এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের পর দেশটির প্রেসিডেন্ট ইরফান আলী বলেছেন, এটি একটি বড় ধরনের বিপর্যয়। এটা অবিশ্বাস্য এবং বেদনাদায়ক।
যে বিদ্যালয়ে ওই অগ্নিকাণ্ড ঘটেছে, সেটির নাম মাহদিয়া সেকেন্ডারি স্কুল। গায়নার রাজধানী জর্জটাউন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এর অবস্থান। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের পর প্রেসিডেন্ট ইরফান আলী দেশটির রাজধানী জর্জটাউনের দুটি গুরুত্বপূর্ণ হাসপাতালকে নির্দেশ দিয়েছেন, সেখান আহত শিশুদের যা যা লাগবে, সব ব্যবস্থা যেন করা হয়।
এদিকে দুর্ঘটনার পর সেখানে বেসরকারি ও সামরিক বাহিনীর উড়োজাহাজের পাঠানো হয়েছে উদ্ধারকাজ চালানোর জন্য। যদিও ভারী বৃষ্টি কারণে এই কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চেয়েছেন দেশটির বিরোধী দলের আইনপ্রণেতা নাতাশা সিং-লুইস। তিনি বলেন, ‘আমাদের এটা জানতে হবে, সেখানে এই প্রাণঘাতী ও ভয়ংকর দুর্ঘটনা কীভাবে ঘটল। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেই জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে।’
দক্ষিণ আমেরিকার দেশ গায়নায় জনসংখ্যা মাত্র আট লাখ। দেশটির মানুষ ইংরেজি ভাষায় কথা বলেন। ডাচ ও ব্রিটিশদের উপনিবেশ ছিল এটি। বিশ্বের যেকোনো দেশের তুলনায় গায়নায় মাথাপিছু তেলের মজুত সবচেয়ে বেশি।