সংখ্যাগরিষ্ঠের সমর্থন কোনোমতে টিকিয়ে রেখেছে লুলার সরকার: জরিপ
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার নেতৃত্বাধীন সরকারের প্রতি দেশটির মানুষের সমর্থন কোনোরকমে স্থিতিশীল অবস্থায় আছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত দুটি জনমত জরিপ থেকে এমন আভাস পাওয়া গেছে।
ডাটাফোলহার জরিপে দেখা গেছে, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রথম বছর শেষে বামপন্থী এই প্রেসিডেন্ট ৩৮ শতাংশের সমর্থন পেয়েছেন। এই হার সেপ্টেম্বর মাসের জরিপের তুলনায় কম।
অবশ্য লুলা দা সিলভাকে সমর্থন না করার হার ৩১ থেকে কমে ৩০-এ হয়েছে। তবে এই হার এখনো জুন মাসের চেয়ে বেশি। ওই মাসে ২৭ শতাংশ বলেছিলেন তাঁরা লুলাকে সমর্থন করেন না। জরিপে নিরপেক্ষ অবস্থানে থেকেছেন ৩০ শতাংশ মানুষ।
জরিপ সংস্থা ইপেকের আলাদা এক জরিপে দেখা গেছে, ৩৮ শতাংশ লুলার নেতৃত্বাধীন সরকারকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন, যা সেপ্টেম্বরে প্রকাশিত জরিপের তুলনায় কম। ওই জরিপে ৪০ শতাংশ মানুষ ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণের কথা জানিয়েছিলেন।
জরিপে অংশগ্রহণকারীদের ৩০ শতাংশ বলেছেন, তাঁরা প্রেসিডেন্ট লুলাকে সমর্থন করেন না। সেপ্টেম্বরে এই হার ছিল ২৫।
জরিপের জন্য ইপেক যাঁদের সঙ্গে কথা বলেছে, তাঁদের মধ্যে ৩৯ শতাংশ মনে করেন ব্রাজিলের অর্থনীতি প্রত্যাশার তুলনায় ভালো অবস্থানে আছে। তবে ৩৬ শতাংশ মনে করেন অর্থনীতি খারাপ অবস্থায় আছে।
ডাটাফোলহা তাদের জরিপের অংশ হিসেবে ৫ ডিসেম্বর ব্রাজিলের ১৩৫টি শহরে ২ হাজার ৪ জনের সাক্ষাৎকার নিয়েছে। আর ইপেকের জরিপের জন্য ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১২৮ শহরের ২ হাজার মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল।