চার শিশুকে প্রথম দেখেছিলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনের ভেতর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আশ্রয় নিয়েছিল শিশুরা
ছবি: এএফপি

কলম্বিয়ায় আমাজন জঙ্গলের গভীরে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ৪০ দিন পর নিখোঁজ চার শিশুকে জীবিত উদ্ধারের প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে। এরই মধ্যে ওই চার শিশুকে উদ্ধার বিষয়ে বিস্তারিত জানিয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী।

কলম্বিয়ার সেনাবাহিনীর কমান্ডার বলেছেন, বনের ভেতর চার শিশুকে প্রথম দেখেছিলেন অভিযানে অংশ নেওয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চার স্বেচ্ছাসেবক।

কলম্বিয়ার সেনাবাহিনী আরও বলেছে, উদ্ধারকারী দল বনের ভেতর এক শিশুর কান্নার শব্দ শুনতে পেয়েছিল। চার শিশুই ক্লান্ত ছিল। তারা অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগছিল।

উদ্ধার হওয়া শিশুরা হলো ১৩ বছর বয়সী লেসলি, ৯ বছর বয়সী সোলেইনি, চার বছর বয়সী তিয়েন ও এক বছর বয়সী ক্রিস্টিন। তাদের মধ্যে দুজন বোন, দুজন ভাই। তারা সবাই ক্ষুদ্র জাতিগোষ্ঠী হুইতোতো জনগোষ্ঠীর বাসিন্দা।

সেনাবাহিনী আরও বলেছে, গভীর বনের ভেতর দুই সপ্তাহেও কোনো খোঁজ না পাওয়ায় হতাশ হয়ে পড়েন উদ্ধার অভিযান পরিচালনাকারীরা। নিখোঁজের সময় ক্রিস্টিনের বয়স ছিল ১১ মাস। বনের ভেতরেই ক্রিস্টিনসহ দুজনের জন্মদিনও পেরিয়ে গেছে।

পরে বনের ভেতর শিশুদের ফেলে যাওয়া জিনিসপত্র ও পায়ের ছাপ দেখে উদ্ধারকারীরা আশাবাদী ছিলেন যে শিশুরা বনের ভেতরেই আছে, বেঁচে আছে। শুধু তাই নয়, খাবার খেয়ে হাঁটার শক্তিটুকু জিইয়ে রেখেছে। আধখাওয়া ফলের অংশ দেখে ধারণা করা হয়, তারা খেতে পারছে। আর পায়ের ছাপ দেখে ধারণা করা হয়, তারা চলাফেরা করছে। পায়ের ছাপের কাছাকাছি কোনো রক্ত দেখতে না পাওয়ায় উদ্ধারকারীদের আশা আরও বেড়ে যায় যে শিশুরা গুরুতর আহত হয়নি। এ ছাড়া ঘন জঙ্গলের কারণে তারা যে খুব দূরে যেতে পারেনি, সেটাও মাথায় ছিল শতাধিক উদ্ধারকারীর।

বড় বড় গাছপালা, বন্য জীবজন্তু ও ভারী বৃষ্টির কারণে ‘অপারেশন হোপ’ নামের ওই অনুসন্ধান অভিযান চালানো কঠিন হয়ে পড়েছিল। শিশুদের উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করা হয়। কিন্তু ঘন জঙ্গলের কারণে ওপর থেকে নিচে তেমন কিছু দেখা যায় না। এ কারণে হেলিকপ্টার থেকে তেমন কোনো ক্লু পাওয়া যায়নি। এমন বিভ্রান্তিকর পরিবেশের কারণে অভিযানের কমান্ডারেরা ভিন্ন পন্থা অবলম্বন করে। তাঁরা বনের ভেতর চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। স্নাইপার কুকুর নিয়ে তাঁরা বনের ভেতর অভিযান শুরু করেন। তাঁদের সঙ্গে যোগ দেয় শিশুদের বাবাসহ আমাজন বন সম্পর্কে জানাশোনা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১০০ স্কাউট সদস্য।

আরও পড়ুন

উদ্ধারকারী দলের কমান্ডার এই অভিযানের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, এটি খড়ের গাদায় একটি সুচের সন্ধান নয়, বরং বিশাল কার্পেটে চলাচল করা একটি ছোট্ট মাছির সন্ধান।

অভিযানের জন্য তিনটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে একটি হেলিকপ্টার থেকে নিখোঁজ শিশুদের উদ্দেশে তাদের দাদির রেকর্ড করা বার্তা বাজানো হচ্ছিল। হুইতোতো ভাষায় দেওয়া ওই বার্তায় শিশুদের জঙ্গলের ভেতর ঘোরাফেরা বন্ধ করতে বলা হয়। ৪০ দিন অভিযান চলার পর অভিযানে অংশ নেওয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চার স্বেচ্ছাসেবক বনের ভেতর ওই চার শিশুকে একটু স্পষ্টভাবে দেখতে পান।

বনের ভেতর ২ হাজার ৬০০ কিলোমিটার এলাকা খুঁজে নিখোঁজের ৪০ দিন পর ওই চার শিশুর খোঁজ পাওয়া যায়। তাঁরা উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আশ্রয় নিয়েছিল। তাদের উদ্ধারের পর চার শিশুকে সেনাবাহিনীর উড়োজাহাজে করে রাজধানী বোগোতায় নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাদের নেওয়া হয় সামরিক হাসপাতালে। অপুষ্টির শিকার হওয়ায় তারা এখনো চিকিৎসাধীন আছে।

বনের ভেতর ওই চার শিশুর ফেলে দেওয়া এসব জিনিসের ছবি প্রকাশ করেছে আর্মড ফোর্সেস অব কলম্বিয়া।
ছবি: টুইটার থেকে নেওয়া
আরও পড়ুন

হাসপাতালে ওই চার শিশুর সঙ্গে তাদের দাদা-দাদি ও বাবা ম্যানুয়েল রনোক দেখা করেছেন। ম্যানুয়েল রনোক সাংবাদিকদের বলেছেন, তিনি বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এ কারণে তাঁর স্ত্রী সন্তান ওই ফ্লাইটে করে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

গত ১ মে মা মাগদালেনা মিউকুটিউর সঙ্গে উড়োজাহাজে করে আমাজন অঞ্চলের আরারাকুয়ারা গ্রাম থেকে সান হোসে ডেল গুয়াভিয়ারে যাচ্ছিল ওই চার শিশু। সঙ্গে ছিলেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আরও এক সদস্য হারমান মেনদেজা হারনান্দেজ ও পাইলট হারনান্দো মুরসিয়া মোরালেস। সিসনা একক ইঞ্জিনের ছোট ওই উড়োজাহাজটির ইঞ্জিন হঠাৎ বিকল হওয়ায় পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন। কিছুক্ষণ পর সেটি রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গহিন জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে ওই চার শিশুর মা, পাইলট ও হারমান মেনদেজা নিহত হন। উদ্ধার অভিযান চালিয়ে কয়েক দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। কিন্তু নিখোঁজ থাকে ওই চার শিশু। গভীর জঙ্গলের মধ্যে তারা একা হয়ে পড়ে। নিখোঁজ হওয়ার টানা ৪০ দিন পর ১০ জুন তাদের জীবিত উদ্ধার করা হয়।