ব্রাজিলে ভোট গড়াল দ্বিতীয় ধাপে, ‘খুবই খুশি’ ফ্লাভিও, ‘খেলা শুরু হচ্ছে’ বললেন লুলা

লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ফ্লাভিও বলসোনারোফাইল ছবি: রয়টার্স

কে হচ্ছেন ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট—প্রথম ধাপের নির্বাচন শেষে উত্তরটি অজানা রয়ে গেল। কারণ, গতকাল রোববারের নির্বাচনে দুই প্রার্থীর কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। নিয়ম অনুযায়ী, নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় ধাপে। ২৫ অক্টোবর পরবর্তী রাষ্ট্রপ্রধান বেছে নিতে আবার ভোট দেবেন ব্রাজিলের ভোটাররা।

দুই প্রার্থীর একজন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ৮০ বছরের লুলা ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট। বামপন্থী রাজনীতি করেন। বর্ষীয়ান রাজনীতিক লুলার প্রতিপক্ষ ডানপন্থী ফ্লাভিও বলসোনারো। বয়স ৪৫ বছর। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও কট্টর ডানপন্থী নেতা জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও।

বিবিসির প্রতিবেদনের তথ্য, প্রথম ধাপের নির্বাচনে লুলা ও ফ্লাভিওর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ৯৮ দশমিক ৮১ শতাংশ ভোট গণনা শেষে স্পষ্টত এগিয়ে ফ্লাভিও। তিনি পেয়েছেন ৪৭ দশমিক ২৪ শতাংশ ভোট। অন্যদিকে লুলা ৪৪ দশমিক ৯১ শতাংশ ভোট পেয়েছেন।

বাকি যত ভোট গণনা বাকি আছে, তাতে লুলা ও ফ্লাভিওর কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোটের সীমারেখা অতিক্রম করতে পারছেন না। কাজেই পুরো গণনা শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে গেছে যে প্রথম ধাপে কেউই শেষ হাসি হাসতে পারেননি। অপেক্ষা করতে হবে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ ও ফলাফলের জন্য। সেখানে এই দুই প্রার্থী লড়বেন।

প্রথম ধাপের ভোটে পিছিয়ে থাকাকে ‘অপ্রত্যাশিত’ বলেছেন প্রেসিডেন্ট লুলা। পরের ধাপের নির্বাচনে ‘আরও শক্তিশালী হয়ে ফিরবেন’—এ প্রত্যাশার কথা জানিয়ে গতকাল লুলা বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম, প্রথম ধাপে জয়ী হব। কিন্তু আসল খেলা কেবল শুরু হতে যাচ্ছে।’

আরও পড়ুন

বামপন্থী এই রাজনীতিক বলেন, ‘আমরা এখন খেলার অতিরিক্ত সময়ে আছি। অতিরিক্ত সময়ের মধ্যে ব্রাজিলের জনগণের মন জয় করে নেব।’

অন্যদিকে প্রথম ধাপের ভোটের এগিয়ে থাকায় ‘খুবই খুশি’ সাবেক প্রেসিডেন্টের পুত্র ফ্লাভিও। পরের ধাপেও বিজয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়ে গতকাল ব্রাজিলের এই সিনেটর বলেন, ‘আর মাত্র তিন সপ্তাহ পর ব্রাজিলের মানুষ আধুনিক একটি সরকার বেছে নেওয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে—এ বাস্তব সম্ভাবনা নিয়ে আমি অত্যন্ত আনন্দিত।’

প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীর ব্যানারের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন একজন। ব্রাসিলিয়া, ব্রাজিল, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: এএফপি

বিশ্লেষকেরা বলছেন, প্রথম ধাপের নির্বাচনে ফ্লাভিও বলসোনারোর অর্জন প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। পরের ধাপেও তাঁর জয়ের সম্ভাবনা প্রবল। আর তা হলে বাবার পথ ধরে রাষ্ট্রপ্রধানের পদে বসবেন ছেলে।

আরও পড়ুন

ব্রাজিলের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে হারিয়ে ফ্লাভিওর বাবা জইর বলসোনারোকে ক্ষমতাচ্যুত করেছিলেন লুলা। এরপর নানা আইনি ঝামেলায় জড়ান জইর বলসোনারো। নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানচেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে তিনি বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

লাতিন আমেরিকার বেশির ভাগ দেশে এখন ডানপন্থার জয়জয়কার। এ অঞ্চলের অনেক দেশের ভোটাররা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের নির্বাচিত করছেন। ভৌগোলিক ও অর্থনৈতিক—দুই ক্ষেত্রে লাতিন আমেরিকার সবচেয়ে দেশ ব্রাজিল কোন পথে যাবে, সেটা জানা যাবে সপ্তাহ তিনেক পর।

আরও পড়ুন