লুলার যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান ইউক্রেনের
ইউক্রেনে শান্তি আলোচনা শুরু করতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার একটি প্রস্তাব শুক্রবার প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। লুলা দা সিলভা তাঁর প্রস্তাবে যুদ্ধের সমাপ্তি টানতে ইউক্রেনকে ক্রিমিয়া ছেড়ে দিতে বলেছিলেন। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়।
লুলার প্রস্তাবের জবাবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো ফেসবুকে বলেছেন, ইউক্রেনের এক সেন্টিমিটার জমিও তুলে দেওয়ার কোনো আইনি, রাজনৈতিক বা নৈতিক কারণ নেই।
নিকোলেঙ্কো আরও বলেন, ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য যেকোনো মধ্যস্থতার প্রচেষ্টা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার ওপর ভিত্তি করে হওয়া উচিত।
এর আগে গত বৃহস্পতিবার লুলা বলেন, যুদ্ধ চালিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিছু পাবেন না। তিনি শান্তি আলোচনা শুরুর জন্য ইউক্রেনে ক্রিমিয়া ছেড়ে দিতে বলেন।
লুলা আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন। এর আগেই ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য একটি অস্পষ্ট প্রস্তাব সামনে আনেন। লুলার পক্ষ থেকে ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার জন্য কয়েকটি দেশের একটি গ্রুপ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। ব্রাজিলের এই নেতা বলেন, তাঁর চীন সফরের পর এই গ্রুপ তৈরি হবে বলে তিনি আশাবাদী।
অবশ্য রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে তাঁদের আলোচনার টেবিলে শান্তি আলোচনার বিষয়টি নেই। তারা ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, আলোচনা তখনই সম্ভব হবে, যদি তারা মার্কিন আধিপত্য ছাড়াই একটি নতুন বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত করে।