কারামুক্ত হলেন ভেনেজুয়েলার অধিকারকর্মী জাভিয়ের তারাজোনা

ভেনেজুয়েলার অধিকারকর্মী জাভিয়ের তারাজোনাছবি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট থেকে

ভেনেজুয়েলার কারাগার থেকে মুক্তি পেয়েছেন দেশটির খ্যাতিমান অধিকারকর্মী জাভিয়ের তারাজোনা। আন্তর্জাতিক চাপের মুখে ভেনেজুয়েলার সরকারের রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার সাম্প্রতিক ঘোষণার পর তিনি কারামুক্ত হলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোববার দেওয়া পোস্টে জাভিয়ের তারাজোনার ভাই জোসে রাফায়েল তারাজোনা লেখেন, ‘১ হাজার ৬৭৫ দিন, ৪ বছর ও ৭ মাস, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই দিনটি এসেছে। আমার ভাই জাভিয়ের তারাজোনা মুক্ত হয়েছেন।’ তিনি আরও লেখেন, ‘একজন মানুষের মুক্তি অন্য সবার মনে আশার সঞ্চার করে।’

ভেনেজুয়েলার একটি মানবাধিকার সংগঠনের প্রধান জাভিয়ের তারাজোনা। ২০২১ সালের জুলাইয়ে গ্রেপ্তার হওয়ার পর থেকে রাজধানী কারাকাসের একটি কারাগারে বন্দী ছিলেন তিনি। গতকাল রোববার তাঁর সংগঠনও জাভিয়ের তারাজোনার মুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে।

সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, ‘মানবাধিকার রক্ষায় সরব থাকা, দমন–পীড়নের সমালোচনা এবং কথা বলার জন্য’ জাভিয়ের তারাজোনাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
‘ফোরো পেনাল’ নামে ভেনেজুয়েলার আরেকটি অধিকার সংগঠন জানায়, গত ৮ জানুয়ারির পর থেকে তারা তিন শতাধিক রাজনৈতিক বন্দীর মুক্তির ঘটনা যাচাই করে দেখেছে।

আরও পড়ুন

গত শুক্রবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেন, তাঁর সরকার একটি সাধারণ ক্ষমা আইন চালু করবে, যা শত শত রাজনৈতিক বন্দীর জন্য সহায়ক হবে।

কারাকাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনা এবং দেশটিতে রাজনৈতিক–অর্থনৈতিক সংস্কার করার আহ্বান জানানোর সপ্তাহ চারেক পর দেলসি রদ্রিগেজের সরকার এমন ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন