আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের, কারণ কী

আর্জেন্টিনার সামরিক বাহিনীর কর্মকর্তারাফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। আজ বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত এপ্রিলে ইরানের প্রভাবশালী সশস্ত্র বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) আর্জেন্টিনা সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

গতকাল এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাল্টা পদক্ষেপ হিসেবে আর্জেন্টিনার বিমানবাহিনী ও নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে তেহরান। এ জন্য যে পরিণতি দেখা দেবে, তার সব দায় আর্জেন্টিনা সরকারের। তবে বিবৃতিতে আর্জেন্টিনার সেনাবাহিনীর নাম উল্লেখ করা হয়নি।

গত এপ্রিলে আর্জেন্টিনা জানিয়েছিল, আইআরজিসিকে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। কারণ, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সমর্থন দেয় ইরান।

আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আসছে বুয়েনস এইরেস। ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানীতে ওই হামলায় ৮৫ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছিলেন।