কলম্বিয়ায় উড্ডয়নের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৬৪

কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো এলাকায় গতকাল একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নেন সেনাসদস্যরা। ২৩ মার্চ, ২০২৬ছবি: রয়টার্স

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে উড্ডয়নের সময় একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এ ভয়াবহ দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা।

পেরু সীমান্তবর্তী পুতুমায়ো অঞ্চলের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে ‘সি-১৩০ হারকিউলিস’ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। মাটিতে আছড়ে পড়ে এটি কয়েক টুকরা হয়ে যায় ও আগুন ধরে যায়।

গভর্নর মোলিনা বলেন, উড়োজাহাজটিতে ১১৪ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১১২ জনই কলম্বিয়ার সেনাবাহিনীর সদস্য। বাকি দুজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়া উড়োজাহাজে ১১ জন ক্রু ছিলেন।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি কোনো অপরাধী চক্র বা সশস্ত্র গোষ্ঠীর হামলা বলে মনে হচ্ছে না। তিনি আরও বলেন, উড়োজাহাজটি উড্ডয়ন উপযোগী অবস্থায় ছিল এবং এর ক্রুরাও যথেষ্ট দক্ষ ছিলেন।

কয়েক মাসের মধ্যে কলম্বিয়ায় এটি দ্বিতীয় বড় উড়োজাহাজ দুর্ঘটনা। গত জানুয়ারির শেষে কুকুতা এলাকায় উড্ডয়নের মাত্র ৯ মিনিটের মাথায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে রাজনীতিবিদ দিওজেনেস কুইন্তেরোসহ সব আরোহী নিহত হন।

সিএনএনের বিশ্লেষণ করা একটি ভিডিওতে দেখা গেছে, কাউকায়া বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি গ্রামীণ এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, বিমানবন্দর থেকে দুই মাইলেরও কম দূরত্বের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের কুণ্ডলী বের হতে দেখা গেছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্থানীয় রেঞ্জার নিকোলাস ওরদোনেজ বলেন, বেশ কয়েকজন আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে গুরুতর আহত কয়েকজন সেনাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী বোগোতায় পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেন, ‘এমন দুর্ঘটনা কাম্য ছিল না।’ সেনাবাহিনীর আধুনিকায়নে ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফ্লাইটের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটি ‘সি-১৩০এইচ হারকিউলিস’ মডেলের। এই পুরোনো মডেলের উড়োজাহাজগুলো ১৯৬৫ সালে ব্যবহার শুরু হয়। ২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এটি কলম্বিয়াকে অনুদান হিসেবে দিয়েছিল। দুর্গম এলাকায় পণ্য ও সেনা পরিবহনে এ মডেল সারা বিশ্বে জনপ্রিয়।

আরও পড়ুন

গত কয়েক মাসের মধ্যে কলম্বিয়ায় এটি দ্বিতীয় বড় উড়োজাহাজ দুর্ঘটনা। গত জানুয়ারির শেষে কুকুতা এলাকায় উড্ডয়নের মাত্র ৯ মিনিটের মাথায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে রাজনীতিবিদ দিওজেনেস কুইন্তেরোসহ সব আরোহী নিহত হয়েছিলেন।

আরও পড়ুন