কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৭৭
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ধসে পড়েছে বেশ কিছু ভবন। সোমবার স্থানীয় সময় সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পে বিধ্বস্ত বিভিন্ন ভবনের নিচে অনেক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো দ্রুত উদ্ধারকাজ চালাতে সর্বাত্মক চেষ্টা করছে। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে জাতীয় জরুরি অবস্থা।
ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে কয়েক শ কিলোমিটার দূরে হলেও রাজধানী বোগোটা পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানেও মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ভূমিকম্পের সময় শহরের বিভিন্ন ভবন ও গাড়ির অ্যালার্ম বেজে ওঠে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও কলম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থার তথ্যমতে, কলম্বিয়ার চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। রাজধানী বোগোটা থেকে ওই এলাকা প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা নিজেই জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাজধানী বোগোটায় জাতীয় দুর্যোগ সংস্থার সমন্বিত কমান্ড পোস্ট থেকে তিনি কার্যক্রম পরিচালনা করবেন।
এসপ্রিয়েলা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ৪৮ বছর বয়সী দে লা এসপ্রিয়েলা গত শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রও কলম্বিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কফি উৎপাদনের জন্য পরিচিত পর্যটন অঞ্চল এহে কাফেতেরোর পেরেইরা ও মানিসালেস শহরে বেশ কিছু ভবন ধসে পড়েছে। মেদেয়িন শহরে জরুরি সাইরেন বেজে উঠলে বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তাঁদের কেউ পাজামা পরে, কেউ গায়ে শুধু তোয়ালে জড়িয়ে বাইরে বের হন। শহরটিতে কোনো ভবন পুরোপুরি ধসে পড়ার খবর পাওয়া যায়নি। শহরের মেট্রোর স্বাভাবিক চলাচল বন্ধ রাখা হয়েছে। আশপাশের ছোট শহরগুলোতেও ছাদ ধসে পড়া ও দেয়ালে ফাটল ধরার খবর পাওয়া গেছে।
বোগোটার দক্ষিণ-পশ্চিমে কালি শহরে অন্তত ২৫টি ভবন ধসে পড়েছে। বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, রিসারালদা প্রদেশে ৪২ জন, ভায়েই দেল কাওকা প্রদেশে ২৭ জন, চোকো প্রদেশে ৪ জন, মানিসালেস শহরে ৩ জন এবং অ্যানতিওকিয়া প্রদেশে ১ জন নিহত হয়েছেন।
কলম্বিয়ার ভূমিকম্পের কম্পন প্রতিবেশী ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও অনুভূত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার তাচিরা রাজ্য ও বারকিসিমেতো শহরের বাসিন্দারা কম্পন অনুভব করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এর আগে গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৬ হাজারের বেশি মানুষ নিহত হন এবং শত শত ভবন ধ্বংস হয়।