সমাধির ভেতর থেকে বাঁচার আকুতি, উদ্ধার হলেন নারী
একটি বহুতলবিশিষ্ট সমাধিক্ষেত্রের দেয়াল ভেঙে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৩৬ বছর বয়সী ওই নারী সেখানে ১০ ঘণ্টা আটকে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পৌরসভার এই সমাধিক্ষেত্রের কর্মীরা সদ্য ‘সমাহিত করা' একটি সমাধির দেয়ালে রক্তের দাগ দেখতে পেয়ে জরুরি সেবা নম্বরে জানান। পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভেতর থেকে কেউ সাহায্য চাইছিল, বাইরে থেকে তা শোনা যাচ্ছিল। এরপর সমাধির ইটের দেয়াল ভেঙে পুলিশ ভেতর থেকে একজন নারীকে জীবিত বের করে আনে। তাঁর মাথা ও হাতে আঘাতের ক্ষত ছিল।
গত মঙ্গলবার ব্রাজিলের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় রাজ্য মিনে জেরাইসের ভিসকোনদে দো রিও ব্রাঙ্কো শহরে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, সোমবার রাতে ভিসকোনদে দো রিও ব্রাঙ্কো শহরে দুর্বৃত্তরা এই নারীকে জীবিত অবস্থায় সমাধিক্ষেত্রের একটি খালি কুঠুরিতে ঢুকিয়ে দেয়াল তুলে তা বন্ধ করে দেয়।
তদন্তকারীরা বলেন, একটি গ্যাং এই নারীর বাড়িতে মাদক ও বন্দুক লুকিয়ে রেখেছিল। পরে তা না পেয়ে তারা ওই নারীর ওপর প্রতিশোধ নেয়।
এই নারী পুলিশকে জানিয়েছেন, মুখোশ পরা অবস্থায় দুই তরুণ তাঁর বাড়িতে তল্লাশি চালান এবং তাঁর ও তাঁর স্বামীর ওপর হামলা চালায়।
নিউজ সাইট জি১–এর খবরে বলা হয়, ওই নারী এখন হাসপাতালে আছেন। তাঁর অবস্থা ‘উন্নতির’ দিকে।
পুলিশ এখন হামলাকারী দুজনকে খুঁজে চলেছে। তাঁদের বয়স ২০ ও ২২ বছরের মতো।