চীনা ব্যবসায়ীর সঙ্গে ‘গোপন’ বৈঠক, পদ হারালেন পেরুর প্রেসিডেন্ট
ক্ষমতা গ্রহণের মাস চারেকের মাথায় কংগ্রেসের অভিশংসনে পদ হারালেন পেরুর প্রেসিডেন্ট হোসে হেরি। একজন চীনা ব্যবসায়ীর সঙ্গে বৈঠকের খবর গোপন রাখা–সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়ে অভিশংসনের মুখে পড়েন তিনি।
প্রায় এক দশক ধরে রাজনৈতিকভাবে টালমাটাল পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ পেরু। রাষ্ট্রপ্রধান অভিশংসিত হওয়ার মধ্য দিয়ে ধারাবাহিক এ পরিস্থিতি আরও দীর্ঘায়িত হচ্ছে।
এ নিয়ে পেরুতে হোসে হেরিসহ পরপর তিনজন রাষ্ট্রপ্রধানকে পদ থেকে অপসারণ করা হলো। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে গত অক্টোবরে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
গতকাল মঙ্গলবার প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাবের পক্ষে পেরুর কংগ্রেসের ৭৫ জন সদস্য ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২৪ জন। তিনজন ভোটদানে অনুপস্থিত ছিলেন।
এখন আইনপ্রণেতারা কংগ্রেসের নতুন একজন প্রধান নির্বাচন করবেন। তিনি হবেন পেরুর নতুন ও অষ্টম প্রেসিডেন্ট। আজ এ নির্বাচন হওয়ার কথা।
পেরুর সংবিধান অনুযায়ী, এমন পরিস্থিতিতে কংগ্রেসের বর্তমান প্রধান ফার্নান্দো রসপিগলিওসির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন। তবে তিনি প্রেসিডেন্ট হতে অস্বীকৃতি জানিয়েছেন। এ কারণে আইনপ্রণেতারা কংগ্রেসের নতুন একজন প্রধান নির্বাচন করবেন। তিনি রাষ্ট্রপ্রধানের পদেও বসবেন।
‘চিফাগেট’ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পদ হারালেন হোসে হেরি। এই কেলেঙ্কারির শুরু গত মাসে। ‘চিফা’ হলো দেশটির একটি চীনা রেস্তোরাঁর নাম। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, গভীর রাতে হুডি পরে ওই রেস্তোঁরায় ঢুকছেন হেরি। সেখানে তিনি চীনা ব্যবসায়ী জিহুয়া ইয়াংয়ের সঙ্গে দেখা করেন। এই ব্যবসায়ীর পেরুতে বেশকিছু দোকান রয়েছে। এ ছাড়া একটি জ্বালানি প্রকল্পের অনুমোদন পেয়েছেন। বৈঠকটির কথা প্রকাশ্যে জানানো হয়নি।
প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে সরব থাকা আইনপ্রণেতাদের একজন রুথ লুক বলেন, তিনি হেরির বদলে এমন একজন রাষ্ট্রনেতাকে চান; যিনি সবার আগে জনস্বার্থ ও নিরাপত্তাকে গুরুত্ব দেবেন।
এই আইনপ্রণেতা বলেন, ‘এ যন্ত্রণার দ্রুত নিরসন করতে হবে; যাতে দেশের মানুষ যে সত্যিকারের ক্ষমতা হস্তান্তর প্রত্যাশা করছে, সেটা আমরা করতে পারি। গোপন স্বার্থ, প্রভাব খাটানো, গোপন বৈঠক আর ছদ্মবেশী লোকজন নিয়ে কোনো ক্ষমতা হস্তান্তর—আমরা এমনটা চাই না।’
আগামী ১২ এপ্রিল পেরুতে নির্বাচন হওয়ার কথা। তাঁর আগে দেশটি একজন অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান পাবে।