ব্রাজিলে দাঙ্গা দমনে গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থ: লুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা
ছবি: এএফপি

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, ৮ জানুয়ারির দাঙ্গা দমনে গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থ হয়েছে। ওই দিন রাজধানী ব্রাসিলিয়ায় সরকারি ভবনগুলোতে তাণ্ডব চালিয়েছিলেন উগ্র-ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা। গত বুধবার গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে এ অভিযোগ করেন প্রেসিডেন্ট লুলা।

বলসোনারোর সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য সাম্প্রতিক দিনগুলোতে সামরিক বাহিনীর সমালোচনা করে আসছেন লুলা। প্রেসিডেন্ট হিসেবে তিনি সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফও। এরই মধ্যে গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে নতুন করে এ মন্তব্য করলেন দেশটির বামপন্থী এই প্রেসিডেন্ট।

টিভি চ্যানেল গ্লোবোনিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট লুলা বলেন, ‘আমরা শুরুতেই ভুল করেছি। ওই দিন আমার গোয়েন্দাদের কোনো খোঁজই ছিল না। আমাদের সেনা ও বিমানবাহিনীর গোয়েন্দা সংস্থা আছে। এবিআইএন (ব্রাজিলের গোয়েন্দা সংস্থা) আছে। তাদের কেউই আমাকে সতর্ক করেনি।’

এর আগে লুলা বলেছিলেন, এই বিদ্রোহের সঙ্গে ‘সশস্ত্র বাহিনীতে থাকা লোকজনের’ অশুভ আঁতাত ছিল বলে তাঁর সন্দেহ হয়েছে। ওই ঘটনায় বলসোনারোর হাজারো সমর্থক কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা ও ভাঙচুর চালিয়েছিলেন। এ দাঙ্গা প্রসঙ্গে লুলা বলেন, ‘আমার মনে হয়েছিল, এটা হলো অভ্যুত্থানের সূচনা।’

প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ব্রাজিলের সশস্ত্র বাহিনীর সঙ্গে তিনি সভ্য সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে অবশ্যই তাঁদের যাতে রাজনীতিকরণ না হয়। সপ্তাহের শেষ নাগাদ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে তাঁর বৈঠকে বসার কথা রয়েছে। লুলা বলেন, ‘আমি বাহিনীগুলোর সঙ্গে কোনো বিরোধ চাই না, সেটা আমার সঙ্গে তাঁরাও চান না। তবে কেউ যদি রাজনীতিতে জড়াতে চান, তিনি যেন বাহিনীর পোশাক খুলে রাখেন, পদত্যাগ করেন এবং তারপর রাজনীতিতে আসেন।’

এ সপ্তাহের শুরুর দিকে ৫০ জনের বেশি সামরিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন প্রেসিডেন্ট। তাঁরা প্রেসিডেন্টের আবাসিক ভবন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ব্রাসিলিয়ার বিদ্রোহের পর এসব কর্মকর্তার প্রতি আস্থাহীনতার কথা জানান লুলা।

দেখা হবে বাইডেনের সঙ্গে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করার বিষয়টিও সাক্ষাৎকারে পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট লুলা। আগামী ১০ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই সাক্ষাতের কথা রয়েছে। ব্রাসিলিয়ার দাঙ্গা নিয়ে বাইডেনের সঙ্গে ফোনালাপের সময় যুক্তরাষ্ট্র সফরের এই আমন্ত্রণ পেয়েছিলেন তিনি।

আরও ১৩ সেনা চাকরিচ্যুত

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট লুলার নিরাপত্তার দায়িত্বে থাকা আরও ১৩ সেনাসদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রেসিডেন্টের কার্যালয়ের সঙ্গে যুক্ত প্রাতিষ্ঠানিক নিরাপত্তা দপ্তরের ১৩ সেনাসদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।

আমাজন রক্ষায় আঞ্চলিক নীতি

আমাজন বন রক্ষায় দক্ষিণ আমেরিকার যেসব দেশজুড়ে এই বন বিস্তৃত, সেসব দেশ নিয়ে আঞ্চলিক নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ইকুয়েডর, কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলা, বলিভিয়া ও ফরাসি গায়ানাকে নিয়ে একটি সম্মেলন আয়োজনে কাজ করছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন:
                ব্রাজিলে প্রেসিডেন্ট প্রাসাদের ভেতর থেকে সহায়তা পেয়েছেন হামলাকারীরা: লুলা দা সিলভা
                ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনে বলসোনারো সমর্থকদের হামলা